ত্রিদেশীয় সিরিজে অসিদের হারিয়ে ফাইনালের দৌড়ে বেশ ভালোমতোই টিকে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। সোমবারের ম্যাচে অসিদের দেওয়া ২৬৬ রানের জবাবে ২৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
এই ম্যাচে দুজন ব্যাটসম্যান নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন। অসি ওপেনার উসমান খাজা ৯৮ রানে রানআউট। অন্যদিকে মারলন স্যামুয়েলস রান আউট ৯২ রানে। তবে খাজার চেয়ে স্যামুয়েলসের দুঃখটাই কম। সেঞ্চুরি মিস হলে দল তো জিতেছে ঠিকই।
এদিন টসে জিতে অসিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। মাত্র ১ রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় উইকেট জুটিতে স্মিথ ও খাজা ১৭০ রানের জুটি গড়েন। দলীয় ১৭১ রানে স্মিথ (৭৪) ফিরে গেলে পথ হারায় অসিরা। ১ উইকেটে ১৭১ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহটা শেষে ৭ উইকেটে ২৬৫ রান। ৯৮ রানে রান আউট হয়ে ফিরে যা খাজা। ১২৩ বলে ওই ইনিংস খেলতে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকান তিনি। বেইলি ৫৫ রান করেন। দুটি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট ও কাইরন পোলার্ড।
জবাবে ওয়ার্নার পার্কের ছোটো বাউন্ডারি ম্যাচের শুরু থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা রানের চাকা ছুটিয়েছে দ্রুত। ম্যাচ কখনও আলগা হয়নি তাদের হাত থেকে। বলা যায় প্রায় সব ক্যারিবিয়ান ব্যাটসম্যান রান করেছেন। ৪৮ করেছেন জনসন চার্লস। ২৭ রান করেন ফ্লেচার, ব্রাভো করেছেন ৩৯ রান। এছাড়া রামদিন ২৯ ও পোলার্ড করেন ১৬ রান। তবে সর্বোচ্চ ইনিংস খেলেছেন স্যামুয়েলস। ৯২ রানে রানআউটের শিকার হন তিনি। আর ৮৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৯২ রান করে আউট হলেও ম্যাচ জয়ের নায়ক হয়েছেন স্যামুয়েলসই। ৪৫.৪ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ৩টি করে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের ৮ ও দক্ষিণ আফ্রিকার ৫ পয়েন্ট।
/এমআর/








