ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আহত হয়ে মাঠ ছেড়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। ম্যাচে ব্যাটিংয়ের সময় তাসকিন আহমেদের বলে মাথার নিচের অংশে আঘাত পান তিনি।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপর্যয়ে সময় মাঠে নেমে ভালোই ব্যাট করছিলেন শুভ। ম্যাচের ২৫তম ওভারে ঘটে এই দুর্ঘটনা।
তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন শুভ। কিন্তু বলটি আসে অনেকটা নিচু হয়ে। বলে চোখ রেখে শুভও চেষ্টা করেছিলেন যতটা সম্ভব নিচু হতে। তবুও দুর্ঘটনা পারেননি এড়াতে তিনি। বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে তার ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে পড়ে যান শুভ। ছুটে যান ফিজিও। সেখানে কিছুক্ষণ দেখার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয় শুভকে।
আঘাত কতটা গুরুতর, এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথার পেছনে নিচের দিকে ঘাড়ের কাছে জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ বলেই শঙ্কা।
প্রসঙ্গত, মাঠের বাইরে আনার পর বিসিবির চিকিৎসকের কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন শুভকে। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/আরআই/এসটি/








