ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে জয়ের ধারা অব্যহত রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। শনিবার তারা সুপার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের দেওয়া ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ। ১৪ ম্যাচে ৯ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ৯৬ বলে ৭৫ রান করে দূর্ভাগ্যজনক রান আউটের খড়গে পড়েন তরুণ এই ক্রিকেটার। এছাড়া তাইবুর রহমান ৩৫, উন্মুক্ত চাদ ৩০ ও শুভাগত হোম ৩২ রান করেন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে পবন নেগি সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া আলাউদ্দিন বাবু, তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
২২৩ রানের সহজ লক্ষে খেলতে নেমে রূপগঞ্জ শুরুতেই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায়। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও মিঠুন মিলে ৭৩ রানের জুটি গড়েন। সৌম্য ৪৬ বলে ৪৭ রান শুভাগতর শিকারে পরিণত হন। সৌম্যর বিদায়ের পর মিঠুন তৃতীয় উইকেটে মিঠুনকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে ফিরে যান মিঠুন। তিনি ৭৬ বলে ৫ চার ও এক ছয়ে তার ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন।
মিঠুনের বিদায়ের পর ফিরে যান পবন নেগিও (১)। এরপর পঞ্চম উইকেটে নাহিদুল ইসলাম ও আসিফ রাতুল মিলে ৭৭ রানের জুটি গড়লে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রূপগঞ্জ। রাতুল ৫১ ও নাহিদুল ৬৪ রানে অপরাজিত থাকেন।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এছাড়া নাজমুল ইসলাম, মনির হোসেন, তাইবুল রহমান একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এমআর/








