ত্রি-দেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা জেসন হোল্ডারকে শুক্রবারের ওই ম্যাচে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।
এ প্রসঙ্গে হোল্ডার বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছি। শুক্রবার খেলতে পারবো কিনা তা এখনও নিশ্চিত করতে পারছি না।’
অসিদের কাছে হেরে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালের পথটা কঠিনই করে তুলেছে স্বাগতিকরা। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার আগে মাত্র দুই ওভার বোলিং করেছিলেন হোল্ডার। এরফলে খণ্ডকালীন হিসেবে স্পিনার আন্দ্রে ফ্লেচার ও ভারপ্রাপ্ত অধিনায়ক কিয়েরন পোলার্ডকে বাকি ওভারগুলো শেষ করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
শুক্রবার বারবাডোজে বাংলাদেশ সময় রাত ১১টায় ক্যারিবীয়দের ম্যাচটি শুরু হবে।
/এফআইআর/







