২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ওপর চড়াও হয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছিল তামিমকে। এরপর চলতি মৌসুমে ১২ জুন একই ভুল করেন তিনি। আবাহনী-দোলেশ্বর ম্যাচে আম্পায়াদের গালিগালাজ করেন তামিম। যে কারণে ম্যাচ পরিচালনারত দুই আম্পায়ার খেলা চালাতে অস্বীকৃতি জানান।
অবশ্য এই কারণে এক লাখ টাকা জরিমানা ও একটি ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তামিম। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তামিমের শাস্তির কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ বিষয়ে তামিম সাংবাদিকদের বলেন, 'আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আমি মেনে নিয়েছি। আমি মনে করি, এই শাস্তি থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। অনেকেই আমাকে অনুসরণ করে, আমার খেলা পছন্দ করে। সে জন্য আমাকে মানুষ হিসেবে ভালো হতে হবে। এখন যে ভুলটা করেছি ভবিষ্যতে, সে ভুলটা না করলে ভালো মানুষ ও ভালো ক্রিকেটার হিসেবে আমি পরিচিতি হতে পারব। তবে আমার কাছে মনে হয়েছে এই আলোচনাটা একটু বেশিই হয়েছে।'
ম্যাচ জয়ের পর শিরোপা জয়ের উচ্ছ্বাস করতে পারেনি আবাহনীর ক্রিকেটাররা। কেননা তখনও বিতর্কিত ওই ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তারপরও ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে জয়ের অনুভূতির কথা জানালেন অধিনায়ক তামিম ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো।এই ম্যাচটি জিতলে আমরা চ্যাম্পিয়ন হবো এরকম সমীকরণ ছিল আমাদের সামনে ছিল। আমি বলবো এটা পুরোপুরি টিমওয়ার্ক। সবাই যার যার সেরা ক্রিকেটে খেলেছে বলে সাফল্য পেয়েছি আমরা।’
তামিম এবারে লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বুধবারের ম্যাচে তামিমের ব্যাট থেকে ১৪২ রানের ইনিংসও এসেছে। যা চলতি মৌসুমের ব্যক্তিগত সর্বোচ্চ রান। নিজের ইনিংস নিয়ে তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি ইনিংস ছিল। সকালে উইকেটে ব্যাট করা খুব সহজ ছিল। ৫০ বলে ৭০ রান করার পর ধীরে ধীরে আমি ন্যাচারাল খেলার চেষ্টা করেছি।’
আবাহনীকে নিয়ে নেতিবাচক আলোচনার ফলে খেলোয়াড়দের মধ্যে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খারাপ লাগছে এত আলোচনার মধ্যেও আমার দলের খেলোয়াড়রা ভালো করেছে। মোসাদ্দেক অসাধারণ ক্রিকেট খেলেছে। কিন্তু আবাহনীর আলোচনাতে কিন্তু ওর পারফরম্যান্সটা উঠে আসেনি। ব্যাট ও বল হাতে ম্যাচ জিতিয়েছে মোসদ্দেক। নেতিবাচক জিনিসগুলো আলোচনা থাকতে পারে। কিন্তু খেলোয়াড়ের পারফরম্যান্স বাদ পড়ে যাওয়াটা আমার পছন্দ নয়। এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে এত তরুণ একজন ক্রিকেটার এত ভালো খেললো। অথচ ওকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি।'
/আরআই/এমআর/








