মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার স্কুল ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম। সেখানে তিনি জানান আইসিসির দুই স্তর বিশিষ্ট টেস্ট প্রস্তাব সমর্থন করবে না বিসিবি।
এডিনবরায় আজ সোমবার থেকে শুরু হয়েছে আইসিসির বার্ষিক সভা। যেখানে টেস্ট ক্রিকেটের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ার কথা। সভায় যোগ দিতে রবিবার ঢাকা ছেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এসভায় অনেক কিছু নিয়েই আলোচনায় বসছে আইসিসির নীতি নির্ধারকরা। শেষ পর্যন্ত কোন কোন প্রস্তাব অনুমোদন হয় সেটিই এখন দেখার বিষয়।
তবে এর আগে সোমবার এ প্রসঙ্গে মাহবুবুল আনাম বলেন, ‘আমরা এটাকে কোনও ভাবেই সমর্থন করি না। ক্রিকেট এমনই একটি খেলা; যত কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলা যায় ততই উন্নতি করার সুযোগ থাকে। ওয়ানডেতে যদি বড় দলগুলোর বিপক্ষে আমরা না খেলতাম তাহলে বর্তমান অবস্থায় কখনোই পৌঁছাতে পারতাম না। আমরা যখন সহযোগী সদস্য ছিলাম তখন আমরা নিজেদের রাজা মনে করতাম। কিন্তু যখন পূর্ণ সদস্য হলাম তখন একটা ধাক্কা খেলাম। এখানে প্রতিযোগিতা অন্য মাত্রার। সেখান থেকে যদি আমরা আবার পিছিয়ে আসি তাহলে আমার মনে হয় আমাদের ক্রিকেট পিছিয়ে যাবে। আর অগ্রসর হবে না।’
তিনি আরও যোগ করেন, ‘আইসিসির দায়িত্ব হচ্ছে গ্লোবালাইজেশন অব ক্রিকেট। একটা বিশেষ শ্রেণি তৈরি করা আইসিসির দায়িত্ব নয়। আমরা মনে করি এমন একটি বিশ্ব সংস্থার লক্ষ্য এমন হওয়া উচিত নয়।’
/আরআই/এফআইআর/








