এই নাফীস ভিন্ন ও পরিণত

রবিউল ইসলাম
০১ জুলাই ২০১৬, ২০:৩৫আপডেট : ০১ জুলাই ২০১৬, ২০:৪২

প্রায় তিন বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন শাহরিয়ার নাফীস। এই খবরে বৃহস্পতিবার থেকেই আনন্দে ভাসছেন নাফীসসহ তার পরিবার। খুশিটা একটু বেশি। কারণ দেরিতে হলেও ঘরোয়া ক্রিকেটে গত তিন বছর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ৯ বছর বয়সী ছেলের মুখে হাসি ফোটাতে পেরে কিছুটা স্বস্তিতে শাহরিয়ার নাফীস। শাহরিয়ার নাফীস, ছবি: সাজ্জাদ হোসেন

এখন নতুন নতুন সব স্বপ্ন লালন করছেন মনের কোণে। সুযোগের অপেক্ষায় থাকা পরিণত শাহরিয়ার বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে চান। এমন কিছুই করতে চান যাতে ভবিষ্যত প্রজন্ম তার কথা কৃতজ্ঞচিত্তে মনে রাখে। তাইতো আগামী ২০ জুলাইয়ের অপেক্ষায় আছেন তিনি। সেখানে সবকিছু নতুন করে শুরু হবে নাফীসের। কেননা তার মতে, প্রাথমিক দলে ডাক পাওয়া মানে জাতীয় দলের খুব কাছাকাছি থাকা।

তিন বছর পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়ে শুক্রবার বিকালে বাংলা ট্রিবিউনের মুখোমুখি হয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ক্রিকেট নিয়ে তার বর্তমান ভাবনাসহ নানান বিষয়ে গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন তিনি। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বাংলা ট্রিবিউন :  খবরটি জেনেছেন ২৪ ঘণ্টার বেশি পেড়িয়েছে; এই মুহূর্তে অনুভূতি কেমন?

শাহরিয়ার : ভালো লাগার বিষয়টি একটু কমেনি। আসলে অপ্রত্যাশিত ভালো সংবাদে সবসময় ভিন্ন রকম অনুভূতি হয়। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়া সত্যিই দারুণ ব্যাপার আমার জন্য। এর জন্য অনেক ত্যাগ-কষ্ট-পরিশ্রম করতে হয়েছে। সবকিছুর পর এই সুযোগ;  ভালো লাগাটা বেশিক্ষণই থাকবে।

বাংলা ট্রিবিউন : এবারের সুযোগটি জাতীয় দলে প্রথমবার সুযোগের সঙ্গে তুলনীয় কিনা?

শাহরিয়ার : না, এটা কখনোই নয়। জাতীয় দলে প্রথমবার সুযোগের মতো ভালো অনুভূতি আর কিছুতেই হবে না। যে কোনও কিছুর ‘প্রথম’ অন্যরকমই। তবে কাছাকাছি বলা যায়। কেননা তিন বছর পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছি। গত কয়েক বছরে বিভিন্ন সময় মনে হয়েছে জাতীয় দলে আর সুযোগ হবে না। কারণও অবশ্য ছিল, আমাদের জাতীয় দলও ভালো করছিল। সেখানে পরিবর্তন হওয়ার সুযোগ ছিল না।

 বাংলা ট্রিবিউন : এই সুযোগটা অবিশ্বাস্য লাগার কারণ কী?

শাহরিয়ার : আমি ২০১৩ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ওই মৌসুমে কেবল ভালো পারফরম্যান্স করতে পারিনি। এরপর প্রতিটা বছর ঘরোয়া ক্রিকেটে ভালো কেটেছে। কিন্তু গত তিন বছরে ভালো খেলার পরও কোথাও আমি সুযোগ পাইনি। তাই হতাশ হয়ে পড়েছিলাম। সবকিছু মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রাথমিক দলে সুযোগ আসবে-বিষয়টি মাথায় ছিল না। এজন্য বেশি বিস্মিত হয়েছি। এই কারণে একটু বেশি অবিশ্বাস্য লেগেছে।

 বাংলা ট্রিবিউন : এই মুহূর্তে আপনি কোন ফরম্যাটের ক্রিকেটের জন্য প্রস্তুত?

শাহরিয়ার : সত্যি কথা বলতে বিশেষ কোনও ফরম্যাটের ওপর আমার ফোকাস নেই। আমাকে ক্যাম্পে ডাকা হয়েছে। আমি চেষ্টা করবো ক্যাম্পে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে। এছাড়া বর্তমান যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে পরিচিত হতে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের একটি পরিকল্পনা রয়েছে। তাদের পরিকল্পনার অংশ হতে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমি নিশ্চিত আমি ভালো পারফরম্যান্স করতে পারলে কোনও না কোনও ফরম্যাটে সুযোগ পাবোই। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে ভালো মনে করবেন আমি সেখানেই খেলতে প্রস্তুত রয়েছি। নির্দিষ্ট কোনও ফরম্যাট কিংবা লক্ষ্য নেই এই মুহূর্তে। আপাতত ক্যাম্পে নিজেকে উজার করে দেওয়াই আমার পরিকল্পনা।

বাংলা ট্রিবিউন : পুরনো ড্রেসিংরুমটায় পুরনো সতীর্থদের সঙ্গে থাকার হাতছানি সামনে-নিশ্চয়ই খুব রোমাঞ্চিত?

শাহরিয়ার : এটা আমার জন্য খুবই নতুন একটি অভিজ্ঞতা হবে। তিন বছর অনেক সময়। এই তিন বছরে আমি কোনও পর্যায়ের ক্যাম্পেই ছিলাম না। এই সময়ে ড্রেসিরুমের পরিবেশ, আচরণ সবকিছুর ব্যাপক পরিবর্তন এসেছে। যার মধ্যে ইতিবাচক পরিবর্তনই বেশি হয়েছে। আমার জন্য এটা নতুন একটি অভিজ্ঞতা হবে। আমি অপেক্ষা করছি ওইদিনটার জন্য, যেদিন নতুন করে পুরনো ও তরুণ ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাবো।

বাংলা ট্রিবিউন : হাথুরুসিংহের সঙ্গে কখনো কথা হয়েছে কিনা?

শাহরিয়ার নাফিস : তার সঙ্গে আমার ২-৩ বার দেখা হয়েছে। তিনি যখন প্রথম বাংলাদেশে এসেছেন তখন আমাকে ডেকেছিলেন; এরপর আরও দুইবার কথা হয়েছে। তাকে আমার বেশ সিস্টেমেটিক মনে হয়েছে। তিনি আমাকে বলেছিলেন, তুমি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছো, তোমার অনেক অভিজ্ঞতা আছে, তোমার পরিসংখ্যানও ভালো। ভালো পারফরম্যান্স করতে পারলে তোমার জন্য সুযোগ আসবে, চেষ্টা করো।  তার কথাতে আমি বেশ অনুপ্রাণিত হয়েছি; হার্ডওয়ার্ক করেছি।

বাংলা ট্রিবিউন : অনেকদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরে বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হবে?

শাহরিয়ার : এটা মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না। সবার সঙ্গেইতো অনেকদিন ধরে খেলছি। আশা করি ২০ জুলাই থেকে সময়গুলো উপভোগ্য হবে। আমি ২০ জুলাইয়ের অপেক্ষায় আছি।

বাংলা ট্রিবিউন : দলে অনেক প্রতিযোগিতা। বিশেষ করে দলে টপ অর্ডার ব্যাটসম্যানদের সংখ্যা অনেক। এটা বাড়তি চাপ তৈরি করছে কিনা?

শাহরিয়ার : বর্তমান অবস্থায় আমার চাপ নেওয়ার কোনও প্রয়োজনই নেই। যখন জুনিয়র ছিলাম, অনেক চাপ নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে। এখন পরিস্থিতি পাল্টেছে। আমি চেষ্টা করবো এখন আমার স্বাভাবিক খেলাটাই খেলার। সুযোগ পেলে ইতিবাচক ক্রিকেট খেলবো, আগে যেসব অপূর্ণতা ছিল সেগুলোর পূর্ণতা দেওয়ার চেষ্টা করবো।

বাংলা ট্রিবিউন : আগের নাফীস থেকে বর্তমান নাফীসের পার্থক্য কোথায়?
শাহরিয়ার : সবমিলিয়ে এক হাজার দিন! প্রায় প্রত্যেকটি দিনই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে। তিন বছর আগে যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম।  জাতীয় দলের একজন ক্রিকেটারের বাদ পড়লে কেমন লাগে; সেই অভিজ্ঞতা আমার তখন ছিল না। এখন তিন বছর দলের বাইরে থেকে দেখে অনেক শিক্ষা হয়েছে। সবচেয়ে বড় পার্থক্য, আমার বয়স এবং অভিজ্ঞতা দুটিই বেড়েছে। আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। সবকিছু মিলিয়ে তিন বছর আগের নাফীস থেকে বর্তমান নাফিস অনেক বেশি ভিন্ন এবং পরিণত।

এই নাফীস ভিন্ন ও পরিণত বাংলা ট্রিবিউন : পরিণত নাফীস বাংলাদেশের ক্রিকেটে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে?
শাহরিয়ার : প্রভাব বিস্তার-বিষয়টি এভাবে আমি দেখছি না। ১৫-১৬ বছর ধরে ক্রিকেট খেলছি। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। আমি এই বছরগুলোতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি। আগামীতে বাংলাদেশের ক্রিকেটে আমি আমার অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে চাই। গেলো বছরগুলোতে যেসকল অর্জন থেকে বঞ্চিত হয়েছি, সুযোগ পেলে সেগুলো অর্জন করতে চাই। বাংলাদেশের ক্রিকেটকে আমি এমন কিছু দিয়ে যেতে চাই, যাতে করে সবাই বলতে পারে শাহরিয়ার নাফীসের কাছ থেকে ক্রিকেট অনেক কিছু পেয়েছে।
বাংলা ট্রিবিউন :  গতকাল এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন, আপনার ছেলে জানতে চেয়েছিল আপনি জাতীয় দলে নেই কেনও? ছেলের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে…
শাহরিয়ার : আমি যখন তিন বছর আগে বাদ পড়লাম তখন আমার ছেলের বয়স ৬ বছর। তখন থেকেই ক্রিকেট বোঝা শুরু তার। গত এক বছর প্রায় প্রতিদিনই আমার ছেলে আমাকে প্রশ্ন করতো বাবা তুমি জাতীয় দলে খেলো না কেনও? এজন্য মাঝে মাঝে কিছুটা হতাশ হয়ে যেতাম। ৩ বছর পর আমাকে যখন জাতীয় দলে ডাকলো তখন আমার ছেলে খুব আনন্দিত হয়েছে। আমিও খুব খুশি হয়েছি। আমার ছেলে হয়তো তার বাবার খেলা দেখার সুযোগ পাবে। যতদিন খেলবো দেশের পাশাপাশি আমি আমার পরিবারের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো। বিগত তিন বছরে তিনজনের কাছ থেকে আমি অনেক বেশি সহায়তা পেয়েছি।

প্রশ্ন : তারা কে?

শাহরিয়ার : প্রথমতো আমার স্ত্রী গত তিন বছরে আমাকে মানসিক ভাবে অনেক সাপোর্ট দিয়েছে। সব সময় আমাকে উৎসাহিত করেছে। আমাকে নেতিবাচক কিছু চিন্তা করার সুযোগ দেয়নি। সবসময় ইতিবাচক থাকতে বলেছে। এছাড়া ফাহিম স্যার(বিসিবির গেম ডেভেলেপমেন্ট ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন)আমাকে খুব সাহায্য করেছেন। পুরো ক্যারিয়ারে তার সাহায্যেই আমার এতোদূর আসা। যখন জাতীয় দল থেকে বাদ পড়লাম তখন থেকে আমার জন্য নিরলস পরিশ্রম করেছেন তিনি। আমার স্ত্রী যা করেছে বাসাতে, ফাহিম স্যার তাই করেছেন বাইরে। তৃতীয় ব্যক্তিটি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। যখন থেকে আমি জাতীয় দলে, ঠিক তখন থেকে উনি আমাকে সব সময় গাইড করেছেন। আমার মাঠের বাইরে ইস্যুগুলো নিয়ে তিনি তার মতামতগুলো আমাকে দিয়েছেন। এই তিনজন মানুষ আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের প্রতি আমি সত্যিই খুব কৃতজ্ঞ। এই তিনজন মানুষের সার্বক্ষণিক অনুপ্রেরণা ও উৎসাহে আমি কাজ করে যাচ্ছি। আশা করি সামনে তাদের অনুপ্রেরণাতে আর বড় কিছু অর্জন করবো।

বাংলা ট্রিবিউন :  আপনার ক্রিকেট ক্যারিয়ারে আইসিএল কি কোনও প্রভাব ফেলছে?

শাহরিয়ার : আমি মনেপ্রাণে বিশ্বাস করি এর কোনও প্রভাব আমার ক্রিকেট ক্যারিয়ারে পড়েনি। অনেকে মনে করে আইসিএল-এ যাওয়ার কারণে আমার ক্যারিয়ার এমন হয়েছে। তবে আমি এটা মনে করি না। আইসিএল-এর অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে কাজে লেগেছে। এটা আসলে সময়ই বলে দেবে আমার জন্য ভালো না খারাপ হয়েছে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম