ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে নিজেকে পুরোপুরি চেনাতে পারেননি সাকিব আল হাসান। তারপরও জিতেছিল তার দল জ্যামাইকা তালওয়াস। বাংলাদেশ সময় আজ ভোরে সাকিব তার অলরাউন্ড নৈপুণ্যের একটা ঝলক দেখালেও জিততে পারেনি তার দল। ২৩ বলে করেছেন ২৫ রান এবং ৪ ওভারে ২১ রান দিয়ে সাকিব ১ উইকেট নিলেও জ্যামাইকা ৭ উইকেটে হেরে গেছে গায়ানা আমাজোন ওয়ারিয়র্সের কাছে।
বৃহস্পতিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায় জ্যামাইকা। ২৪ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে পঞ্চম ওভারে ক্রিজে আসেন সাকিব। চতুর্থ উইকেটে রোভম্যান পাওয়েলের সঙ্গে গড়েন ৫১ রানের চমৎকার এক জুটি। প্রতিরোধ গড়া সাকিব ফিরেন এক ছক্কায় ২৩ বলে ২৫ রান করে। সাকিব ফিরে যাওয়ার পর দিক হারায় জ্যামাইকা। দলটির শেষ ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে সর্বোচ্চ ৩৮ রান করেন পাওয়েল।
জবাবে ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গায়না। ১১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো গায়নাকে পথ দেখান ক্রিস লিন। ৩৯ রানে অপরাজিত থাকেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
২৭ রানে অপরাজিত থাকেন অ্যান্থনি ব্রামবল। ২২ রান করা জেসন মোহাম্মদকে ফেরান সাকিব। ২১ রানে এক উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
/এমআর/








