ভারতের উত্তর প্রদেশের হরি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিক। সম্প্রতি ওয়ার্কিং কমিটির এক সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
মূলত একাডেমিতে রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের দিক নির্দেশনা ও অনুশীলন করাবেন হিথ স্ট্রিক।
এর আগে খবর ছিল হিথ স্ট্রিক ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ হতে আগ্রহী। তাতে ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও ছিল। কিন্তু কেন্দ্রীয়ভাবে তাকে কোচ না করালেও রাজ্যের ক্রিকেট একাডেমিতে নিলো উত্তর প্রদেশ।
উল্লেখ্য, দুই বছরে ৪৫০ দিন কাজ করার চুক্তিতে ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। এরপর গত মে মাসে পদত্যাগ পত্র জমা দিয়ে এই পদ ছাড়েন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।
/এফআইআর/








