ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা তিন জয়ে শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। নিজেদের শেষ ম্যাচে আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে তারা।
মঙ্গলবার কিংস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৮ রান করে জ্যামাইকা।দলের পক্ষে সর্বোচ্চ দুটি চার আর চারটি ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন রোভম্যান পাওয়েল। এছাড়া ২৪ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ত্রিনবাগোর কুপার ২২ রানে নেন তিন উইকেট।
এদিন অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সাকিব। সুনিল নারাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১০ রানে বিদায় নেন তিনি। তবে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট নেন সাকিব। তার প্রথম দুই ওভার থেকে ৯ রান নেন ত্রিনবাগোর ব্যাটসম্যানরা। তবে শেষ দিকে রান দেওয়ায় সব মিলিয়ে ৩ ওভারে ২৮ রান দেন সাকিব। যেখানে উইকেট সংখ্যা সেই একটিই।
জবাবে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায় ত্রিনবাগোর ইনিংস। ২৩ রানে ৪ উইকেট নেন ব্যাট হাতে পারফর্ম করা জ্যামাইকার আন্দ্রে রাসেল। ম্যাচসেরা হন আন্দ্রে রাসেল।
এ জয়ে ৭ ম্যাচে জ্যামাইকার সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
/এফআইআর/








