চলতি মাসের শুরুতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেস্টে সন্ত্রাসী জঙ্গি হামলার ঘটনায় ইতালি, জাপান এবং ভারতের নাগরিক নিহত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশে অবস্থানরত ক্রিকেট বোর্ডের বিদেশি কোচিং স্টাফরা।
তবে বিদেশি কোচদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট আন্তরিক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিরাপত্তার বিষয়টি আরও একবার তুলে ধরলেন। তিনি জানান বিশেষ প্রয়োজনে বিদেশি কোচদের জন্য আরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া আছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা বিসিবিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি। যাতে করে আমাদের বিদেশি স্টাফদের প্রয়োজনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা যায়। এজন্য আগে ভাগেই আমরা তাদের কাছে চিঠি দিয়ে রেখেছি।’
উল্লেখ্য, ব্যক্তিগত কারণে যথাসময়ে বাংলাদেশের আসার তারিখ পিছিয়েছেন কন্ডিশনিং কোচ ভিল্লাভারায়ন। এছাড়া আগেই দেশে ফিরে গেছেন বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার অস্ট্রেলিয়ার ব্রেট হ্যারপ। আনুষ্ঠানিক কারণ 'পারিবারিক সমস্যা'। তবে বিসিবির সূত্র জানিয়েছে, গুলশান হামলার পর পারিবারিক উদ্বেগের কারণেই তিনি ফিরে গেছেন।
/আরআই/এফআইআর/








