ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেটারদের ফিটনেসের উন্নতির জন্য বুধবার থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কোয়াডের কন্ডিশনিং ক্যাম্প। যদিও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনকে ছাড়াই শুরু হয়েছে এই ক্যাম্প।
বুধবার সকাল ৮টার মধ্যেই একাডেমি ভবনে হাজির হয়েছেন ক্রিকেটাররা। নতুন-পুরনো ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এদিন স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্প শুরু করেন মাশরাফি-তামিমরা।
প্রথম দুই সপ্তাহ ফিটনেসের ওপর কাজ করলেও আগামী মাসের শুরুতে স্কিল অনুশীলন শুরু করবে টাইগাররা।
আর এই ক্যাম্পে মারিওর না থাকাটা কোনও সমস্যা মনে করছেন না মাশরাফি।
এ প্রসঙ্গে বুধবার মিরপুর স্টেডিয়ামে মাশরাফি বলেন, ‘মারিও ছাড়া আমরা অভ্যস্ত নই। তবে ইফতি আছে। সে অনেক দিন ধরেই আমাদের সঙ্গে আছে। তাকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এখন সবাই জানে যে, নিজের কাজটা নিজেরই করতে হবে। মারিও থাকলেই পুশ করবে- এমন নয়।’
ফিটনেস নিয়ে প্রথম দিনে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ইনডোরে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিপ টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা।
প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারের মধ্যে কেবলমাত্র সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন না। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে বুধবার যাত্রা করেছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান রুম্মান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
/আরআই/এফআইআর/








