ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্পের শুরু থেকে ফিটনেস নিয়ে কাজ করা হলেও, নেই ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। ক্যাম্পের প্রথমদিকে মূল ট্রেনারের অনুপস্থিতি কোনও প্রভাব ফেলছে না বরং এই সময়কে নিজেদের যত্ন নিতে শেখার সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এখন সবাই জানে যে, নিজের কাজটা নিজেকেই করতে হবে। এক-দেড় মাস গ্যাপ থাকলেই আনফিট হয়ে যাবো, এটা সবাই জানে। এজন্য নিজেদের যত্ন নেওয়া শেখা, নিজেদের ফিটনেস ধরে রাখা, এমন কিছুর জন্য এটা দারুণ সুযোগ।’
কন্ডিশনিং কোচ না থাকায় সিনিয়রদের দায়িত্বটা কিভাবে দেখেছেন এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমিও আগেও বলেছি এখানে সিনিয়রদের অনেক কিছু করার আছে। আমি মনে তারা তরুণদের গাইডলাইন দেবে।'
সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলে, মনোযোগ ধরে ধরে রাখা কতটা কঠিন এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমরা সবাই আশাবাদী ইংল্যান্ড আসবে। এখনও তিন মাস বাকি। সবচেয়ে বড় ব্যপার হলো, এখানেই তো শেষ নয়। আমাদের উচিত ফিটনেস ধরে রাখা, খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে।’
ক্যাম্পের প্রথম দিন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন ছিলেন না; তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ট্রেনার ইফতিখারুল ইসলাম। অবশ্য মারিও না থাকায় খুব বেশি সমস্যা মনে করছেন না মাশরাফি। এ প্রসঙ্গে তিনি ছিলেন, ‘মারিও ছাড়া আমরা অভ্যস্ত নই। তবে ইফতি আছে। সে অনেক দিন আমাদের সঙ্গে আছে। তাকে নির্দেশনা দেওয়া আছে।’
/আরআই/এমআর/








