চোটের কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেননি মুস্তাফিজুর রহমান। তার সেই অনুপস্থিতি ঠিকই টের পেয়েছে তার দল। চেলটেনহামের কলেজ মাঠে মুস্তাফিজহীন সাসেক্সকে ৫১ রানে হারিয়েছে গ্লচেস্টারশায়ার।
অনুশীলনে কাঁধে চোট পাওয়ায় সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মুস্তাফিজুর রহমানের অভিষেকটা হয়নি। যেই কারণে গ্লচেস্টারশায়ারের বিপক্ষে একাদশে মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি সাসেক্স। মূলত পূর্বসতর্কতার অংশ হিসেবে তাকে রাখা হয়নি।
এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট। জবাবে গ্লচেস্টারশায়ারের অধিনায়ক মাইকেল ক্লিনগার ৪৬, গ্রায়েম ভ্যান বুরেন ৩৮, হামিশ মার্শাল ১১, বারনেট ২৯, টম স্মিথ ৪৩ আর প্যাট্রিকের ২০ রানের সুবাদে দলটি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। সাসেক্সের পক্ষে ক্রিস জর্ডান সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
জবাবে ২৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় সাসেক্স। যেখানে হ্যারি ফিঞ্চ অপরাজিত ৮৭ রান করেন। আর কোনও ব্যাটসম্যানই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। টম স্মিথ গ্লচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন।
এ হারে ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা খুবই বাজে। পাঁচ ম্যাচে ৪টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে মুস্তাফিজের দল।
/এফআইআর/








