ভারতীয় ক্রিকেটের অন্যতম শক্তিশালী ক্রিকেট সংগঠক হিসেবেই পরিচিত শরদ পাওয়ার। সম্প্রতি লোধা কমিশনের সুপারিশে ভারতীয় সুপ্রিম কোর্টের আনা রায়কে মেনেই সরে দাঁড়ানোর কথা বলেছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৭৫ বছর বয়সী এই সভাপতি।
লোধা কমিশনের সুপারিশে বলা ছিল ভারতের ক্রিকেটে ৭০ বছরের বেশি কেউই থাকতে পারবেন না। আর সেটা মেনেই শরদ পাওয়ার জানিয়েছেন, ‘আনন্দিত থেকেই আমি পদত্যাগ করবো। সুপ্রিম কোর্ট যেই রায় দিয়েছেন সেই অনুসারে আমি আর থাকতে পারছি না। আর এখন আমার চালিয়ে যাওয়াও ঠিক হবে না। কোর্ট ৬ মাস সময় দিলেও আমি ততদিন অপেক্ষা করছি না। তবে এর মধ্যে কিছু প্রক্রিয়া শেষ করতে হবে।’
উল্লেখ্য, ২০০৫-২০০৮ পর্যন্ত বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী শরদ পাওয়ার ২০১১-২০১২ সালে আইসিসির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি।
/এফআইআর/








