ইনজুরিতে কাউন্টিতে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের। সেই সঙ্গে আরেকটি বাজে সংবাদও পেতে হলো তাকে। গ্লস্টারশায়ারের পর এবার হ্যাম্পশায়ারের বিপক্ষে হেরে ওয়ানডে কাপের নক আউট পর্বের আগেই বিদায় নিতে হচ্ছে তার দলকে। সাসেক্স হেরেছে ৯ রানে।
এর আগে বুধবার সাসেক্সের ওয়েবসাইট থেকে জানানো হয়, বাম কাঁধের ইনজুরির কারণে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো আর খেলতে পারবেন না কাটার মাস্টার মুস্তাফিজ।
এদিন হোভে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সাসেক্স। তবে ওপেনার জিমি অ্যাডামসের ৯২ আর রায়ান ম্যাকলারেনের ৪৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২৬৮ রান করে হ্যাম্পশায়ার।
জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২৫৯ রান করতে পারে সাসেক্স। দলের পক্ষে ক্রিস ন্যাশ করেন অপরাজিত ৬৯ রান।
এই জয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো হ্যাম্পশায়ার।
/এফআইআর/








