তিন ম্যাচের প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের হারিয়ে সমতা এনেছেন সাবেক ক্রিকেটাররা। এদিন সাবেক ক্রিকেটাররা টাইব্রেকারে মাশরাফিদের হারিয়ে সিরিজে ১-১ সমতা আনেন। প্রথম ম্যাচে সাবেকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল জাতীয় দল।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস অনুশীলনের অংশ হিসেবে এ ক্যাম্পে প্রায়ই ফুটবল খেলেন ক্রিকেটাররা। তবে সাবেক ক্রিকেটারদের বিপক্ষে এই ম্যাচে মাশরাফিরা খেললেন একটু সিরিয়াসভাবেই। কারণ এ সিরিজে রয়েছে পুরস্কারের ব্যবস্থা। পুরস্কারের এই অর্থ দেয়া হবে দুস্থ শিশুদের জন্য।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। এ কারণেই জয়-পরাজয় নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। মূল সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র। তাতে জয় পায় সাবেক ক্রিকেটাররা।
প্রথম ম্যাচে জয়ের পর এক লাখ টাকা বাজিতে জিতেছিল বর্তমান জাতীয় দল। তবে এ ম্যাচে হারার পর সে টাকা ফেরত দিতে হয় তাদের। বাজির এ টাকা আগামী ঈদুল আজহায় দুস্থ শিশুদের দান করবেন বলে জানিয়েছেন বর্তমান ক্রিকেটাররা।
আগের ম্যাচে সাবেকদের হয়ে খেলা হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন এদিনের ম্যাচে ছিলেন না। তবে যথারীতি বর্তমান দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রকিবুল হাসান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাসির হোসেন ও তাইজুল ইসলামরা। উল্লেখ্য, এর আগে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহীম ও নাসির হোসেনের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বর্তমান ক্রিকেটারদের দল।
/আরআই/এমআর/








