আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে ভারতের বিপক্ষে তাদের মাটিতে একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, সকল টেস্টখেলুড়ে দেশকে আমাদের সঙ্গে খেলতে সুযোগ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আগামী বছরের শুরুতে আমরা বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবো।
চলতি বছরের চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচটি। প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে টেস্টে স্বাগতিক হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের গড়িমসিতে এ বছর আর সম্ভব হয়নি।
তবে টেস্ট ক্রিকেটে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ভারতে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। তাই এটাই হবে ভারতে বাংলাদেশের প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ।
২০০০-এ আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সৌরভ ছিলেন ভারতের অধিনায়ক।
২০০৪ সালে প্রথমবারের মত সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা এসেছিল ভারতীয়রা। সেই সফরেই ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এর তিন বছর পর আবারও বাংলাদেশ সফর করে ভারতীয়রা। সেবারও দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে দুই দল। ২০০৯ সালে আবারও ঢাকা আসে ভারতীয় দল। সেবার দুটি টেস্ট ম্যাচ খেলে স্বাগতিক দলের বিপক্ষে।
/এমআর/








