অস্ত্রোপচারের পর দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন মুস্তাফিজুর রহমান। রবিবার এমন প্রত্যাশাই ব্যক্ত করলেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।
এ প্রসঙ্গে মিরপুরে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি মুস্তাফিজ দারুণ খেলেছে। কিন্তু দুঃখজনকভাবে ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে। যার ফলাফল দ্বিতীয় ম্যাচে ফুটে উঠেছিল। তবে আশার কথা মুস্তাফিজের সঠিক জায়গায় স্ক্যান করানো হয়েছে। সেভাবে তার চিকিৎসা হচ্ছে; চিন্তার কিছু নেই। আশা করি সে দ্রুতই ফিরে আসবে।’
আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় লন্ডনে মুস্তাফিজের অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পর ৩-৪ দিন ইংল্যান্ডে থাকবেন তিনি। এরপর দেশে ফিরে এসে ট্রেনার ও ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব প্রোগ্রামে অংশ নেবেন কাটার মাস্টার। ৫ থেকে ৬ মাসের মধ্যে খেলায় ফিরে আসতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
/আরআই/এফআইআর/








