ম্যাচ পাতানোর প্রচেষ্টার অভিযোগে চার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এরমধ্যে সাবেক প্রোটিয়া টেস্ট উইকেটরক্ষক থামি সোলেকাইলও রয়েছেন।
২০১৫ সালের র্যাম-স্ল্যাম টি-টোয়েন্টিতে ফিক্সিংয়ে জড়ানোতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যেখানে সোলেকাইলকে ১২ বছর, জিন সাইমসকে ৭ বছর এবং ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ চার ক্রিকেটারই নিজেদের কৃতকর্মের জন্য এই রায় মেনে নিয়েছেন। যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০১৬ সালের ১ আগস্ট থেকে। এরমধ্যে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলা সোলেকাইলের বিরুদ্ধে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ পাতানোর প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া জিন সাইমস, ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকের বিরুদ্ধে অভিযোগ তারা সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার গোলাম বদির কাছ থেকে ঘুষ নিয়েছেন। এই বদিকেও গত জানুয়ারিতে ম্যাচ পাতানোর অভিযোগে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
দীর্ঘ তদন্তের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট।
/এফআইআর/








