নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ না দেওয়া বাংলাদেশ দলের সহকারী স্পিন কোচ রুহান কালপাগেকে বরখাস্ত করেছে বিসিবি। জাতীয় দলের সহকারী কোচের পদটি তাই বর্তমানে খালি রয়েছে। সামনেই ইংল্যান্ড সিরিজ। ওই সিরিজে আগে বিসিবির ভাবনায় অবশ্য খণ্ডকালীন স্পিন কোচ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এগিয়ে স্থানীয় কোচরাই। তবে বিসিবির ভাবনায় বিদেশি কোচও রয়েছে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা যদি একজনকে নিয়োগ দিতে পারি তাহলে ভালো হয়। আমরা চেষ্টা করবো। না হলে স্থানীয় স্পিন কোচ দিয়েই কাজ চালিয়ে নিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘সহকারী কোচ কিংবা স্পিন বোলিং কোচের ব্যাপারাটা ক্রিকেট অপরারেশন্স কমিটি দেখবে। নিশ্চয়ই তাদের মাথায় আছে বিষয়টি।’
এদিকে জাতীয় দলের পেস বোলিং কোচের বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি। শনিবারও আগের কথাই জানালেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘খনও সময় হয়নি, বোলিং কোচের নাম বলার।’
/আরআই/এমআর/








