ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গত ২৫ জুন ঢাকা ছেড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২ আগস্ট দেশে ফিরে দুইদিনের বিশ্রাম কাটিয়ে স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে যান অবকাশ যাপনে। এরপর দেশে ফিরে তিনদিন পর মিরপুরের হোম অব ক্রিকেটে ঢুঁ মারলেন সাকিব। যদিও রবিবার অনুশীলনে মাঠে নামেননি তিনি। একাডেমি ভবনের সামনে মাশরাফি-রুবেলদের সঙ্গে আড্ডার হাট বসিয়েছিলেন। সেই আড্ডা ছিল প্রাণবন্ত। হয়তো সিপিএল-এর অভিজ্ঞতাই শেয়ার করেছেন সতীর্থদের সঙ্গে।
বিসিবি সূত্রে জানা গেছে, কাল-পরশুর মধ্যেই অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জ্যামাইকা তালাওয়াহসের হয়ে সিপিএল- এ খেলেছেন সাকিব। এবারের সিপিএল-এ ব্যাট-বলে সফল ছিলেন তিনি। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে চার ওভারে মাত্র ২৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জ্যামাইকা তালাওয়াহসের শিরোপা জয়কে সহজ করে দেন।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে মাশরাফদের ব্যাট-বলের অনুশীলন। যদিও বৃষ্টির কারণে রবিবার ব্যাটিং-বোলিং অনুশীলন হয়নি। রিচার্ড হ্যালসলের অধীনে হালকা ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বাকি সময় ফুটবল খেলেই পার করেছেন তারা।
/আরআই/এফআইআর/








