ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে তাসকিনের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তোলে আইসিসি। পরবর্তীতে ১৫ মার্চ আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। কিন্তু ফল নেতিবাচক আসায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। গত কয়েক মাস ধরে বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর পরীক্ষার উদ্দেশে অস্ট্রেলিয়া উড়াল দেবেন তিনি।
তবে ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের পরীক্ষা নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন তাসকিন। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। পরীক্ষা নিয়ে তাসকিন বলেন, ‘পরীক্ষার কথা শোনার পর ভালো লাগছে। মানসিক একটা চাপ কাজ করছে। আসলে প্রস্তুতি থাকলেও পরীক্ষার আগে সবার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করে। সবমিলিয়ে প্রস্তুতি অনেক ভালো। আশা করছি ভালো একটি পরীক্ষা দিতে পারবো।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশের বিশেষজ্ঞদের কাছ থেকে ইতিবাচক মতামত পেয়েছি, তারা সন্তুষ্ট। আমি নিজেও সন্তুষ্ট। তারপরও আসল পরীক্ষায় ২-১ টি বলেও যেন সমস্যা না হয় সেজন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। কঠোর অনুশীলন করছি।’
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ফিরেই স্থানীয় কোচ মাহবুব আলী জাকিরের সঙ্গে কাজ করেছেন তাসকিন। মাঝে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন। এই কয়দিনের নেওয়া প্রস্তুতিকে ইতিবাচক মানছেন তিনি। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। ইনডোর এবং আউটডোরে বেশ কিছু ক্যামেরা দিয়ে এবং বিশেষজ্ঞ কোচদের তত্ত্বাবধানে আমার পরীক্ষা নেওয়া হয়েছে। সব সময় কোচরা বোলিং সেশনের ভিডিও করেছেন। মাহবুব আলী জাকি স্যার ৩-৪ মাস ধরে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। জাতীয় দলের কোচরাও সাপোর্ট করছেন। দলের সিনিয়র ক্রিকেটাররা মানসিকভাবে সাপোর্ট করছেন। সবার সাপোর্ট নিয়ে ভালো পরীক্ষা দিতে পারবো বলে আশা করছি।’
তাসকিনের সব ডেলিভারিগুলো অবৈধ নয় বলে আইসিসি আগেই জানিয়েছিল। তবে তাসকিন সব ডেলিভারির ব্যাপারেই সতর্ক থাকবেন বলে জানান। তিনি বলেন, ‘প্রস্তুতি নিতে হবে যেন সবগুলো ডেলিভারি ঠিক থাকে। আর সব ঠিক থাকবে আশা রাখি। আমার আত্মবিশ্বাস আছে। আমি সব ডেলিভারি ঠিক করে আসবো।’
চেন্নাইতে পরীক্ষা দিয়ে বৈধতা পাননি তাসকিন। এবার তার পরীক্ষা অস্ট্রেলিয়াতে। বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তাসকিন বলেন, ‘পরীক্ষাতো সব জায়গায় একই হবে। বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা যেখানেই হোক না কেনও আমি সন্তুষ্ট থাকবো। কোথায় হচ্ছে এটা বড় ব্যাপার নয়।’
/আরআই/এফআইআর/








