শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ। এবারের আসরটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ১ সেপ্টেম্বর থেকে। মঙ্গলবার এ উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
প্লেয়ার্স ড্রাফট হবার পর বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জানানো হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের বিস্তারিত। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি ইমাগো স্পোর্টস।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে এবারের লিগ। মোট ৬টি দল অংশ নেবে সাবেক ক্রিকেটারদের এ আসরে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে খেলা হবে। সেমিফাইনালও হবে সেখানেই। তবে দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে ৬ কিংবা ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
উল্লেখ্য, জাতীয় লিগে শুরু থেকে অংশ নেওয়া ৪ বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর সঙ্গে ঢাকা মেট্টো মাস্টার্স নামে দল থাকবে। এছাড়া সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের সম্মিলিত দলটিকে নাম দেওয়া হয়েছে অলস্টার্স মাস্টার্স। জাতীয় দলের ছয় সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন ছয় দলের নেতৃত্বে দেবেন।
/আরআই/এমআর/








