সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, 'বিশ্বব্যাপী নিরাপদে ক্রিকেট খেলা হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি বিশ্বে বসবাস করি যেখানে, যেকোনও স্থানে হুমকি রয়েছে। ইংল্যান্ড বাংলাদেশ নিরাপদ উল্লেখ্য করে সেখানে সফরের সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাংলাদেশ নিরাপদ এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। এখন আমরা সেখানে ম্যাচ অফিসিয়ালদের পাঠাবো।'
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফলভাবে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ জানান রিচার্ডসন। তিনি বলেন, 'বছরের শুরুতেই বাংলাদেশ সফলভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে। সেসময় ইংল্যান্ডের মতো আমরাও খেলোয়াড়দের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। নিরাপদে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ ও ইংল্যান্ড সরকারের এ তৎপরতার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।'
/এমআর/








