আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে আইরিশ মেয়েদের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৫ ও ৬ সেপ্টেম্বর। এরপর একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড সফর। এই সফরে সবগুলো ম্যাচ জিতে দেশে ফিরতে চান নারী দলের অধিনায়ক জাহানারা আলম।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দলের লক্ষ্য নিয়ে জাহানারা বলেন, ‘আমাদের মূলত টার্গেট থাকবে সবগুলো ম্যাচ জেতা। দুটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই আমরা জিতে দেশে ফিরতে চাই।’
২০১২ সালে আয়ারল্যান্ড সফরের সুখস্মৃতি আছে জাহানারাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। কেবল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হার দেখতে হয়েছিলো টাইগ্রেসদের। স্বাভাবিকভাবেই চার বছর পর দলের উন্নতির মানদণ্ডটা একটু হলেও বেড়েছে। দলের অধিনায়ক জাহানারাও তেমনটাই মনে করেছেন।
তিনি বলেন, ‘২০১২ সালে আমরা যখন খেলেছিলাম, তখন আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল। তারা এখন আরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। আমাদের মানসিকতা এখন অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন আগের চেয়ে বেশি অনুশীলন করছি। আমার বিশ্বাস বর্তমান দলটা অনেক বেশি ভালো এবং এই সফরে আমরা অনেক ভালো করবো।’
২ তারিখে রওয়ানা দিয়ে আয়ারল্যান্ড পৌঁছাতে পৌঁছাতে তিন তারিখ। সেক্ষেত্রে মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তারা। তবে এটা নিয়ে একদমই ভাবছেন না জাহানারা। তিনি বলেন, ‘ওখানে গিয়ে আমরা একদিন অনুশীলনের জন্য পাব। ওখানে আমাদের প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে ম্যাচ খেলতে হবে। আর এখানে প্রচণ্ড গরমের মধ্যে আমরা অনুশীলন করছি। আশা করি, মানিয়ে নিতে পারবো। একদিন অনুশীলন করে মাঠে নামাটা যথেষ্ট নয়। তারপরও আমরা চেষ্টা করবো, যতটুকু সময় পাই কাজে লাগানোর।’
আয়ারল্যান্ড সফরে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সালমা খাতুনকে পাচ্ছে না জাহানারারা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। যদিও সালমার অভাব পূরণে তরুণদের উপর নির্ভর করলেন এই অধিনায়ক। তিনি বলেন, 'ওনাকে আমরা অনেক মিস করবো। তারপরও আমার মনে হয় না, খুব বেশি সমস্যা হবে। আমাদের দলে দুইজন নতুন খেলোয়াড় যোগ হয়েছে। সবাই মিলে ভালো খেলতে পারলে তার অভাব পূরণ করা সম্ভব। তারপরও উনি থাকলে ভালো হতো। আশা করি খুব শিগগিরই তাকে দলে পাবো।’
/আরআই/এমআর/








