দুই বছর আগেও নির্বাচকদের স্ব-নিয়ন্ত্রিত পছন্দের তালিকায় ছিলেন নাসির হোসেন। বাংলাদেশের জার্সিতে বেশ কিছু ম্যাচে শেষ দিকে দারুণ ব্যাটিং শৈলী দেখিয়ে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছেন। তখন থেকেই তার নাম ফিনিশার নাসির। কিন্তু গত দুই বছর ধরে ‘ফিনিশার’ হয়ে উঠতে পারেননি তিনি।
আর সেই ফিনিশার খেতাবটা মিস করেন কিনা জানতে চাইলে বুধবার কিছুটা আক্ষেপ নিয়ে নাসির বললেন, ‘মিস অবশ্যই করি। এখন যদি আমাকে না খেলায় কিভাবে ফিনিশ করবো!’
অবশ্য নিজের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কোচের বিরাগভাজন হতে হয়েছে তাকে। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐচ্ছিক অনুশীলনে নাসিরকে না দেখে কিছুটা খেপে গিয়েছিলেন কোচ হাথুরুসিংহে। এছাড়া অনুশীলন, জিম সেশনে সিরিয়াসনেস না থাকাটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার। সেই সঙ্গে ব্যাটেও কিছুটা ধার কমে গিয়েছে।
২০১৫ সালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫টি টেস্ট খেলে বাংলাদেশ। অথচ এই পাঁচ টেস্টের মাত্র একটিতে দলে ছিলেন নাসির। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে প্রথম ইনিংসে ১৩ রানের ইনিংস খেলেন। এছাড়া গত বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১৮টি। এর মধ্যে নাসির খেলেছেন ১৪টি; যার ৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি নাসিরের। তবে শেষ দিকে ব্যাটিং করায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এই ১৪ ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪১, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে।
অন্যদিকে ২০১৫ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ অনেকগুলো টি-টোয়েন্টি খেললেও নাসির খেলেছেন মাত্র ৭টি। অথচ বাংলাদেশ চলতি বিশ্বকাপেই খেলেছে ১৪টি টি-টোয়েন্টি।
এক সময়কার নিয়মিত নাসির এখন সময়ের স্রোতে অনিয়মিত। যদিও যতটা না পারফরম্যান্স তার চেয়ে বেশি শৃঙ্খলাজনিত কারণেই দলে থাকছেন না তিনি। মুদ্রার এপিঠ-ওপিট দুপিঠ দেখা নাসির বুধবার সংবাদ মাধ্যমকে আরও বলেন, ‘অনেক কিছুই শেখার আছে। আমি বিশ্বাস করি, মানুষের জীবনে ভালো, খারাপ সময় সব সময় আসে। এটা আমি মেনে নিয়েছি। এখন খারাপ সময় যাচ্ছে, আশা করি সামনে ভালো সময় আসবে।’
সর্বশেষ প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলেছেন নাসির হোসেন। সেখানে তার বেশ কয়েকটি ভালো ইনিংস আছে। আপাতত তার লক্ষ্য পারফরম্যান্স দিয়েই আগের জায়গা পুনরূদ্ধার করা।
নিজের পরিকল্পনা নিয়ে নাসির বলেন, ‘দলে সুযোগ পাওয়ার বিষয়টিতো আমার হাতে নেই। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটা করেছে। হয়তো তারা আমার জায়গায় অন্য কাউকে ভালো মনে করেছে। আমি চেষ্টা করছি পারফরম্যান্স দিয়ে আমার জায়গা পুনরূদ্ধার করতে। প্রিমিয়ার লিগে ম্যাচগুলোতে চেষ্টা করেছি ভালো করতে।’
নিজেকে ফিরে পেতে নির্ধারিত অনুশীলনের বাইরেও ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেন নাসির। নিজের ব্যাটিং অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘আমাদের কোচ নির্দিষ্ট কিছু সিডিউল করে দেয়। সেই অনুযায়ী আমরা ব্যাটিং অনুশীলন করি। অনুশীলন শেষে আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টার মতো ব্যক্তিগত ভাবে নেটে ব্যাটিং করার চেষ্টা করি।’
কোচের অপছন্দের তালিকায় ঢুকে গেছেন। এটা নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নে নাসির বলেন, ‘আমি আগের মতোই আছি। অনেক সময় কিছু বিষয় পরিবর্তন করা লাগে। বিশ্বকাপে ঐচ্ছিক অনুশীলন আমি একদিনই মিস করেছিলাম। ওটা মূলত বিশ্রামের দিন থাকে। যার ইচ্ছা হয় সেই যায়। এখন বাড়তি অনুশীলন করছি নিজের উন্নতির জন্য।’
/আরআই/এফআইআর/








