পেস বোলিং কোচ চূড়ান্ত হওয়ার একদিনের মাথায় টাইগারদের ব্যাটিং বিশেষজ্ঞের নামও চূড়ান্ত হয়েছে। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে থিলান সামারাবিরার নাম ঘোষণা করেন। তিনি আপাতত ইংল্যান্ড সিরিজের পুরোটো সময় তামিম-সৌম্যদের ব্যাটিংয়ের কলাকৌশল নির্ধারণ করে দেবেন।
এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সামারাবিরাকে আমরা আপাতত ইংল্যান্ড সিরিজেরে জন্য নিয়োগ দিবো। তাকে আমরা দেখবো। এরপর চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করবো।’
মূলত দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাহিদা মেনেই ব্যাটিং উপদেষ্টা হিসেবে একজন লঙ্কানকে নিয়োগ করলো বিসিবি। আপাতত শ্রীলঙ্কান এই ক্রিকেটার ৪৫ দিনের জন্য ব্যাটিং উপদেষ্টা হিসেবে টাইগারদের সঙ্গে কাজ করবেন।
জানা গেছে, ঈদের ছুটির পর ১৯ সেপ্টেম্বর থেকে সামারাবিরার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। দিনপ্রতি তাকে দিতে হবে ৫০০ ইউএস ডলার।
উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে সামারাবিরা ৮১টি টেস্ট, ৫৩টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার প্রায় সাড়ে ৫ হাজার রান, যাতে ৩০টি হাফসেঞ্চুরি পাশাপাশি রয়েছে ১৪টি সেঞ্চুরি। আর ওয়ানডেতে তার দুটি সেঞ্চুরি। সর্বশেষ ২০১৩ সালেই শ্রীলঙ্কা দলের হয়ে টেস্ট খেলেছিলেন থিলান সামারাবিরা। এরপর তিনি স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তার ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়াও। ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিক ক্রিকেটারদের পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। লঙ্কান সফরে আসার আগে অ্যাডাম ভোজেস, শন মার্শ আর জ্যাকসন বার্ড তার কাছ থেকে ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছিলেন।
/আরআই/এফআইআর/








