মঞ্চটা তিলকারত্নে দিলশানের। শ্রীলঙ্কার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছেন। আর সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের বিশ্বরেকর্ড গড়ে প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮৫ রানে জয় পেয়েছে সফরকারীরা।
এক সময় এই দলীয় ইনিংসের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলেই। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। আর মঙ্গলবারের ম্যাচে টস হেরে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৩ রান। যেখানে ব্যক্তিগত ইনিংসে রেকর্ড গড়তে পারেননি ম্যাক্সওয়েল। ৬৫ বলে অপরাজিত ছিলেন ১৪৫ রানে। যেখানে ছিল ১৪টি চার ও ৯টি ছয়। এই ব্যক্তিগত ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ফিঞ্চের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করেছিলেন তিনি।
জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। শেষ সিরিজ খেলা দিলশান ৪ রানে স্টার্কের বলে বোল্ড হন। এছাড়া সর্বোচ্চ ৫৮ রান করেন চান্দিমাল।
অসিদের পক্ষে তিনটি করে উইকেট নেন স্টার্ক ও বোল্যান্ড।
ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
/এফআইআর/








