ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘দ্বি-স্তর’ টেস্ট খেলার পরিকল্পনা তাদের নির্বাহী কমিটির বৈঠকে বাতিল করেছে। এমন সংবাদের পর বুধবার বিকালে মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে স্বস্তিই ঝড়ল বোর্ড সভাপতির কণ্ঠে।
‘দ্বি-স্তর’ টেস্ট পরিকল্পনার শুরু থেকে বিরোধিতা করে আসছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্বাহী কমিটির বৈঠকে ফল বাংলাদেশের পক্ষে আসায় স্বভাবতই খুশি পাপন। সেটা প্রকাশ করলেন তিনি এভাবে, ‘শুরু থেকেই বাংলাদেশ দ্বি-স্তর টেস্টের প্রতিবাদ করে এসেছে। ভারত, শ্রীলঙ্কা আমাদের সঙ্গে ছিলো। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম।’ ভারতের সমর্থনের পর সেই আত্মবিশ্বাসটা আরও বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি, ‘আমরা নিশ্চিত ছিলাম, দ্বি-স্তর হলে আমাদের জন্য ভালোর চেয়ে খারাপই হতো। এজন্য আমরা প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিলাম। ভারত আমাদের সঙ্গে সমর্থন দেওয়ার পর আত্মবিশ্বাসী ছিলাম যে আইসিসি এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।’
ইংল্যান্ড বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাবে বলেও আশাবাদী নাজমুল, ‘কোনও দেশই এখন পূর্ণ শক্তি ছাড়া বাংলাদেশে দুর্বল দল পাঠাবে-এমন কোনও সুযোগই নেই। এটুকু আমি নিশ্চিত বলতে পারি। আমার মনে হয়, ওদের সেরা দলটাই বাংলাদেশে আসবে, এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।’
/আরআই/








