মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রো মাস্টার্সের অলরাউন্ডার মোহাম্মদ রফিক। দলকে ফাইনালে উঠাতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত দারুণ ব্যাটিং ও বোলিং করে ঠিকই টুর্নামেন্ট সেরার পুরস্কার তুলে নিয়েছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার।
ব্যাটিংয়ে পুরনো ধারের পাশাপাশি বোলিংয়ে পুরনো বৈচিত্র্য ছিল রফিকের। সেমিফাইনাল পর্যন্ত ৪ ম্যাচে ৪৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট।
পরিসংখ্যান বিবেচনা করলে হয়তো এ অর্জন কম মনে হবে, তবে মাঠের লড়াইয়ে সত্যিই রফিক ছিলেন অনন্য। দলকে দুটি ম্যাচে জয়ের স্বাদ একাই দিয়েছিলেন তিনি। পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। কার্নিভালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
/আরআই/








