বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিতে আগামী শনিবার পর্যন্ত সময় পাচ্ছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। এছাড়া যারা সফরে আসা নিয়ে দ্বিধায় পড়েছেন তাদেরকেও একই সময় বেঁধে দিয়েছেন ইসিবির টিম ডিরেক্টার অ্যান্ড্রু স্ট্রস।
স্ট্রস আরও জানিয়েছেন, সফরে একবার কেউ নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নিলে ফেরার কোনও সম্ভাবনা নেই। ইতোমধ্যেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে সফরে দুই অধিনায়ককেই নিশ্চিতভাবে চান স্ট্রস, ‘সফরে কি আমি দুই অধিনায়ককে চাই? অবশ্যই। কারণ অধিনায়কের বিশাল দায়িত্ব থাকে।’
সফরে অধিনায়কদের চাইলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনতা রয়েছে বলেই মনে করেন স্ট্রস, ‘এটাও সত্য যে তারাও মানুষ। তাদের নিজস্ব চিন্তা, ভাবনা ও জীবনের দর্শন আছে। আমাদেরকেও সেটা বুঝতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি কাউকে সেই সফরের জন্য বিমানে উঠতে বাধ্য করতে পারি না। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।’
মরগানের মতো এই সফর নিয়ে দ্বিধায় আছেন অ্যালেক্স হ্যালস। তাই এ সময়ের মাঝে স্ট্রস ক্রিকেটারদের কাছ থেকে সফরে আসা নিয়ে একটি উত্তরই চাইবেন- হ্যাঁ অথবা না। আর তার ভিত্তিতেই আগামী সপ্তাহের শেষ দিকে স্কোয়াড ঘোষণা করবে ইসিবি।
/এফআইআর/








