মাইকেল ভন তবু কিছুটা হলেও সহানুভূতি দেখিয়েছেন তার কলামে। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইন সেটুকুও দেখাননি। লেখার শিরোনামই করেছেন এমন, ‘ইংল্যান্ডকে মাটিতে মিশিয়ে দিলো মরগান’। অধিনায়ক হিসেবে দলের অন্য খেলোয়াড়দের সাহস দেবেন কি, তা নয়, উল্টো নিজের পথ ধরেছেন মরগান।
একজন অধিনায়ক হিসেবে মরগানের এমন আচরণ মোটেও পছন্দ হয়নি নাসেরের। ব্রিটিশ পত্রিকা ‘ডেইল মেইল’-এ লেখা কলামে এতটাই ক্ষুব্ধ নাসেরকে পাওয়া গেছে যে রীতিমত ধুয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানকে। সেই সঙ্গে রেখেছেন একটি প্রশ্ন, ‘ভারতের বোমা বিস্ফোরণের অভিজ্ঞতা যদি তার বাংলাদেশে যাওয়ার পথে বাধা তৈরি করে, তাহলে মরগান এর পরও আইপিএল খেলতে এতবার ভারতে গিয়েছে কেন?’ প্রশ্নটা আগেও তুলেছিল ব্রিটিশ এক দৈনিক।
‘ব্যক্তিগতভাবে মরগান যে কোন কিছু করার অধিকার রাখে। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সে নীরবে দাঁড়িয়ে দেখতে পারে না নিজে যে পরিস্থিতির জন্য তৈরি না, সেটা করছে তার খেলোয়াড়রা।’-কলামের শুরুতেই নাসের ঝেড়েছেন মরগানকে। তাই তার মনে হয়, ‘বাংলাদেশে যাওয়া উচিত ছিল মরগানের।’ দলের সাধারণ একজন খেলোয়াড় হলে এত কথা থাকতো না সাবেক ইংলিশ অধিনায়কের। যেহেতু তার নেতৃত্বেই চলে ইংল্যান্ডের ওয়ানডে দল, তাই তিনি কোনও ভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না বলে মত নাসেরের, ‘অধিনায়কের বিষয়টা সম্পূর্ণ আলাদা। নেতা হিসেবে আপনাকে হয় গোটা দল ও ইসিবিকে বোঝানোর চেষ্টা করতে হবে এই সফরটা করা ঠিক হবে না, নয়তো যাওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হলে নিজেও অংশ হতে হবে।’
নিরাপত্তা শঙ্কায় ভোগা মরগান বাংলাদেশে না এলেও নাসের কিন্তু আসছেন। স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করবেন অক্টোবরে শুরু হওয়া সিরিজে। নিরাপত্তা বিষয়ে নাসের লিখেছেন, ‘এই সফর কাভার করতে আমি যাচ্ছি বাংলাদেশে। নিরাপত্তা নিয়ে আমার মনে এতটুকু সংশয় নেই। বাস্তবতা হলো বিশ্বের যে কোন জায়গায় যে কেউ খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারে।’
/কেআর/








