টেস্ট ক্রিকেটে বর্তমানে এক নম্বর দল হিসেবে অবস্থান করছে পাকিস্তান। উল্টো দিকে ওয়ানডেতে বিপরীত চিত্র। র্যাংকিংয়ে অবস্থান ৯ নম্বরে। বড় সংস্করণে অবস্থান ভালো হলেও সীমিত ওভারের সংস্করণে কেন বেহাল দশা পাকিস্তানের? উত্তরে টেস্ট অধিনায়ক মিসবাহ বলেছেন, এ দশার জন্য ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোই দায়ী!
মিসবাহ প্রসঙ্গে টেনে বলেন, ‘আমাদের একটাই ৫০ ওভারের টুর্নামেন্ট। যেটি থাকলেও ক্লাব পর্যায়ে আর এই ফরম্যাটে খেলা হয় না। আমাদের তৃণমূল পর্যায়ের সবগুলো টুর্নামেন্ট হয় ২০-২৫ ওভারের। আর এজন্যই আমাদের ওয়ানডে ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা র্যাংকিংয়েও পিছিয়ে যাচ্ছি।’
ওয়ানডে কাঠামোকে শক্তিশালী করতে কিছু পদক্ষেপের কথাও বলেন মিসবাহ, ‘ঘরোয়া টুর্নামেন্টে আমাদের ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত। টেস্টে আমরা শীর্ষে কারণ এই সংস্করণে আমাদের যথেষ্ট পরিমাণে খেলা হয়। আমার চোখেই এটাই ধরা পড়ে।’
পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব নেই, অভাব রয়েছে প্রতিভা বিকাশের। এ প্রসঙ্গে বলতে গিয়ে মিসবাহ আরও বলেছেন, ‘যারা রয়েছে তারা প্রতিভাবান। এমনকি সেই ঝলকও দেখিয়েছে। কিন্তু তারা ধারাবাহিক হতে পারছে না। কারণ ঘরোয়া ক্রিকেটে তাদের বিকাশের জন্য আরও ম্যাচ চাই। তাহলেই তাদের দক্ষতার উন্নতি হবে।’
/এফআইআর/








