দক্ষিণ আফ্রিকা সফরের ‘প্রস্তুতি’ হিসেবেই ম্যাচটা খেলেছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই একমাত্র ওয়ানডেতে বিশাল জয়ও পেয়েছে স্টিভেন স্মিথরা। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ৪৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ড স্কোরে জমা করেছিল ১৯৮ রান। জবাবে ১১৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতেদ তারা যোগ করে ৪৭ রান। পল স্টারলিং (৩০) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিও বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল তাদের। যদিও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (২৪) ফিরে যাওয়ার পর ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইন। অ্যাডাম জাম্পার (৩/৩৭) ঘূর্ণির সঙ্গে জন হ্যাস্টিংস (২/৩১) ও স্কট বোল্যান্ডের (২/৪২) পেস আগুনে আর কেউই দাঁড়াতে পারেননি। তাই ৪৩.৫ ওভারেই থেমে যায় আয়ারল্যান্ড ১৯৮ রানে।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। ৩০ বলে ৪৮ রান করে ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও হার না মানা হাফসেঞ্চুরির ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উসমান খাজা ও স্মিথ। খাজা ৭৭ বলে ৮ চার ও ২ ছক্কায় খেলেছেন ৮২ রানে ঝোড়ো ইনিংস। আর স্মিথ ৫৯ রানের ইনিংসটি সাজিয়েছিলেন ৬ চার ও ১ ছক্কায়।
/কেআর/








