বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে ইংলিশ ক্রিকেট দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর শুরু হবে। এই প্রস্তুতি ম্যাচের জন্য শনিবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে। যেই দলকে সোমবার বিকাল তিনটায় ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম সেলিমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট দল শুক্রবার রাতে ঢাকায় পা রেখেছে। এদিন রাত ৮টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় এসেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলে ১৬ ক্রিকেটার ছাড়াও রয়েছে আরও ১৮ জনের বড় দল। ক্রিকেটারদের বাইরে এই তালিকাতে আছেন নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং স্টাফ।
ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
বিসিবি একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন জুনিয়র, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, ইবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।
/আরআই/এফআইআর/








