শুক্রবার থেকে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে কষ্ট হলেও মানিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইংলিশরা। রবিবার মিরপুরে প্রথমদিনের মতো অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বাংলাদেশ সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। এর মধ্যে কন্ডিশন বিবেচনায় টাইগাররা এগিয়ে কিনা জানতে চাইলে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘হয়তো বাংলাদেশ এগিয়ে থাকবে। কিন্তু গত ১৮ মাসে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। আমরা চাই এখানেও (বাংলাদেশ) সেটা অব্যাহত রাখতে। এ কন্ডিশনে হয়তো খেলার ধরণটা পাল্টাতে হবে কিন্তু আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখবো। বাংলাদেশ ঘরের মাঠে ভালো করছে, কিন্তু আমরা নিজেদের নিয়েই ভাবছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো দল। আমাদের তাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত হতে হবে। একজন ক্রিকেটার হিসেবে আপনি সবসময় চাইবেন খেলার মধ্যে থাকতে। আমরা এখন ক্রিকেটেই মনোযোগ দিতে চাই, অন্য কিছু নিয়ে ভাবছি না।’
ওয়ানডে র্যাংকিংয়ে ইংল্যান্ডের অবস্থান পঞ্চম। আর এই অবস্থান নিয়ে তুষ্ট থাকতে চান না তারা। তাদের লক্ষ্য বিশ্বসেরা হওয়া! আর হতে গেলে যেকোনও কন্ডিশনের সঙ্গেই মানিয়ে নিতে হবে। যে কারণে নিজেদের সেভাবেই প্রস্তুত করছে ইংল্যান্ড, ‘আমরা ওয়ানডেতে বিশ্বসেরা হতে চাই। সেটা করতে হলে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। তাই এখানে যত দ্রুত মানিয়ে নিতে পারবো, আমাদের জন্য তত ভালো হবে।’
জো রুট ও অ্যালেক্স হেলসকে ছাড়া দলের শক্তি কমে গেলো কিনা জানতে চাইলে বাটলার বলেছেন, ‘আমাদের দলে দারুণ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা দলে জায়গা করে নিতে আগ্রহী। এই মুহূর্তে দলে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বেন ডাকেট, স্যাম বিলিংসের মতো খেলোয়াড়রা আমাদের দলে আছে। আশা করি খুব একটা সমস্যা হবে না।’
গত কয়েক বছর ধরে বাংলাদেশের স্পিন আক্রমণের পাশাপাশি পেস আক্রমণের ধারও বেড়েছে। খুব স্বাভাবিকভাবেই ইংলিশ অধিনায়কের মুখ থেকে এর সত্যতা বেড়িয়ে আসলো, ‘বাংলাদেশ দলের স্লো উইকেটে খুব ভালো মানের স্পিনার আছে। শুধু তাই নয়, ওদের পেসাররাও খুব ভালো। আমাদের কাজটা হবে এখন দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।’
/আরআই/এফআইআর/








