বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইন টিকিট বিক্রয় প্রতিষ্ঠান সহজডটকমে (www.shohoz.com)। প্রতিষ্ঠানটি দ্বিতীয় বারের মতো অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রয় করবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তারা টিকিট বিক্রয় করেছিল অনলাইনে। আর এটাই ছিল প্রথমবারের মতো গ্রাহকদের অনলাইনে টিকিট কেনার সুযোগ।
গত রাতে বেশকিছু টিকিট ছাড়লেও বুধবার দুপুর থেকেই বেশিরভাগ টিকিট পাওয়া যাবে। যদিও এবার প্রতি টিকিটের মূল্যের সঙ্গে সহজডটকমকে ২৫ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে।
মূলত একটি মোবাইল নম্বর দিয়ে ক্রিকেট ভক্তরা প্রত্যেক ম্যাচে তিনটি করে টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার সময় মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা যে কোনও ফটোবিশিষ্ট পরিচয়পত্রের স্ক্যান কপি সহজ ডট কমে সরবারহ করতে হবে। পরে সহজ ডট কম থেকে একটি এসএমএস পাঠানো হবে। সেই এসএমএস দেখিয়ে সংগ্রহ করতে হবে ম্যাচের মূল টিকিট। টিকিট সংগ্রহ করতে হবে জুতা প্রস্তুতকারী ব্র্যান্ড লোটোর আউটলেট থেকে।
পেমেন্ট করার জন্য সহজডটকমের কাছে বিকাশ, রকেট (ডাচ বাংলা) মোবাইল ব্যাংকিং এবং ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করতে হবে। কার্ড-এর মাধ্যমে অর্থ পরিশোধ করার আগে অবশ্যই গ্রাহকের ব্যাংকের সঙ্গে অনলাইনে লেনদেন করার অনুমতি আছে কিনা যাচাই করে নিতে হবে।
ঢাকায় অবস্থিত লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকে হাতে হাতে টিকিট সংগ্রহ করা যাবে।
বুধবার এই উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড সিরিজের টিম কিটস ও টিকিট পার্টনার ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড সিরিজের জন্য কিটস পার্টনার উত্তরা মটরস ও টিকিট পার্টনার সহজডটকম চুক্তিবদ্ধ হয়েছে।
বুধবার দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে স্পন্সর ডিক্লেরাশেন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্পন্সরদের নাম ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, উত্তরা মটরসের হেড অব মার্কেটিং নাঈমুর রহমান ও সহজডটকমের সিইও মালিহা কাদির।
টিকিট বিক্রয় সম্পর্কে সহজডটকমের মালিহা কাদির সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা সত্যিই রোমাঞ্চিত। দ্বিতীয়বারের মতো আমরা টিকিট বিক্রয়ের দায়িত্ব পেয়েছি। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে অল্প কিছু টিকিট ছাড়া হয়েছিল, যা দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আজ দুপুর থেকেই ম্যাচের আগের দিন রাত পর্যন্ত অল্প সংখ্যক টিকিট ছাড়া হবে। যাতে করে বেশিরভাগ লোকজন টিকিট সংগ্রহ করতে পারেন।’
টিম কিটস পার্টনার উত্তরা মটরসের প্রতিনিধি নাঈমুর রহমান জানান, ‘বাংলাদেশ জাতীয় দলের কিটস পার্টনার হতে পেরে আমরা গর্বিত। বিসিবিকে ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য।’
বিসিবির প্রধান নির্বাহী তার বক্তব্যে বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবারের মতো টিকিট পার্টনার হিসেবে আমরা সহজডটকমকে পেয়েছি। এছাড়া কিটস পার্টনার হিসেবে পেয়েছি উত্তরা মটরসকে। তাদেরকে ধন্যবাদ।’
/আরআই্/








