তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের প্রত্যাবর্তন ম্যাচে আলো ছড়াতে পারলেন না মোহাম্মদ আশরাফুল। প্রথম রাউন্ডে বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি তার। দ্বিতীয় রাউন্ডে সুযোগ আসে মাঠে নামার। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে আশরাফুলের সংগ্রহ ২৬ ও ২ রান। যদিও বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। এছাড়া অবৈধ বোলিং অ্যাকশন থেকে সদ্যই মুক্তি পাওয়া আরাফাত সানিও নিয়েছেন ৪টি উইকেট।
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চারটি আলাদা ভেন্যুতে। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম স্তরে বরিশাল-ঢাকা মেট্রোর ম্যাচটি এবং শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম স্তরে খুলনা-ঢাকার মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। অন্যদিকে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের রাজশাহী-চট্টগ্রামের ম্যাচটি ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে জিতেছে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় স্তরের ম্যাচটি অনুষ্ঠিত হয় রংপুর ও সিলেট বিভাগের মধ্যে, সেখানে ৫৬ রানে জয় পায় রংপুর বিভাগ।
/আরআই/কেআর/








