আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আক্ষেপ করে সেদিন বলেছিলেন, ব্যাটিং করার সুযোগের কথা! কিন্তু শুক্রবার প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করে হয়তো সেই আক্ষেপ ভালোভাবেই ঘুচিয়ে নিয়েছেন সাকিব।
আট ইনিংস পর ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আর ইমরুলের সঙ্গে মিলে পঞ্চম উইকেট জুটিতে ভালো সংগ্রহও এনে দেন। এই জুটিতে আসে ১১৮ রান। যদিও ৭৯ রানে বলের বলে তালুবন্দী হয়ে ফিরতে হয় তাকে। সাকিবের ইনিংসটি ছিল ৫৫ বলে সাজানো। যেখানে ছিল ১০টি চার ও একটি ছয়। শুক্রবার সাকিব যখন মাঠে নামেন তখন বাংলাদেশের স্কোর চার উইকেটে ২২.২ ওভারে ১৫৩ রান।
/আরআই/








