২৮তম ওভারে তাসকিনের বলে বাটলার আউট হলে সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন মাশরাফিরা। টাইগারদের এমন উদযাপন একদমই পছন্দ করেননি ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার বদলে তিনি মাহমুদউল্লাহ’র সঙ্গে জড়িয়ে যান উত্তপ্ত বাক্য বিনিময়ে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি তুলতেই বাটলার বলেন-‘ম্যাচে যা হয়েছে এর জন্য তিনি বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। সেই সঙ্গে তিনি কল্পনাও করেননি তার সঙ্গে এমন কোনও আচরণ হতে পারে!’
বাটলার বলেন, ‘আউট হওয়ার পর উদযাপন করতে করতে তারা আমার দিকে ছুটে আসছিল। একই সঙ্গে তাদের উদযাপন ভঙ্গি আমার পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা বাড়াবাড়ি। এজন্য আমার খুব রাগ হচ্ছিল। ওই সময় আমি নিজেকে সামলাতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আউট হওয়ার পর আমি হতাশ ছিলাম। আমার উচিত ছিল আউট হওয়ার পর ড্রেসিংরুমে চলে যাওয়া। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। বিষয়টি হয়তো আমি ভিন্নভাবে নিতে পারতাম।’
সবকিছু এখানে থেমে গেলে ভালোই হতো। কিন্তু আবারো গোলমাল বাধে যায়-ম্যাচ শেষ হওয়ার পরমুহূর্তেই।
ইংল্যান্ডের ড্রেসিংরুমের সামনে যখন সারি বেধে হাত মেলাচ্ছে দুদলের ক্রিকেটাররা। এরই ফাঁকে তামিম ইকবালের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। যদিও সাকিব আল হাসান ও মঈন আলীর কল্যাণে এই যাত্রায় বেশি কিছু ঘটেনি।
//আরআই/এআর/








