বেশি কিছুদিন ধরেই ব্যাটিং ঠিকভাবে হচ্ছিল না মাশরাফির। ক্রিজে গিয়েই কিছুক্ষণের মধ্যে ফিরে আসতে হতো ড্রেসিংরুমে! লেট মিডল অর্ডারের ব্যাটিংয়ে নেতৃত্ব দেওয়া মাশরাফি নিজে স্কোর করতে না পারায় দলের স্কোরটাও বাড়তো না।
বিশেষ করে আফগানিস্তান সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বোলার মাশরাফির ব্যাটিংটা খুব প্রয়োজন ছিল দলের। কিন্তু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেয়েছিল মাশরাফির ইনিংস।
রবিবার অবশ্য ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন তিনি। তার ৪৪ রানেই মূলত বাংলাদেশের স্কোর ২৩৮ ছাড়ায়। এদিন ব্যাট হাতে সাফল্য পাওয়ার রহস্য সংবাদ সম্মেলনে উন্মোচন করলেন বাংলাদেশের সেরা এই অধিনায়ক, ‘আমার ব্যাটিংয়ে কৌশল ঠিক ছিল। আমিতো আর মূল ব্যাটসম্যান নই। চিন্তা করেছিলাম আক্রমণাত্মক ব্যাটিং করবো। তাহলে চাপমুক্ত হওয়া যায়। আজকে (রবিবার) মূলত এই চিন্তা নিয়েই ক্রিজে নেমেছিলাম। আমি যখন নেমেছি তখন দলের রান ছিল ১৬৯। আমার পরিকল্পনা ছিলে কিছু শট খেলে দলের স্কোর ২০০ ছাড়ানো।’
আগের তিন চার ম্যাচের উদাহরণ টেনে মাশরাফি বলেছেন, ‘আমি স্বাভাবিক চিন্তাই করেছি, শেষ ৩-৪ ম্যাচে আমি অনেক কিছু চিন্তা করেছিলাম। উইকেট নেমে দেখে শুনে বল বুঝে খেলার অনেক চেষ্টা করেছি। কিন্তু হয়নি। সব বাদ দিয়ে এই ম্যাচে আমার চিন্তা ছিল ‘যাবো এবং আক্রমণ করবো’।’
/আরআই/








