গত বছর বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ২২৬ রানের ইনিংস। ক্যারিয়ারে ওটাই ছিল আজহার আলীর সর্বোচ্চ ইনিংস। দুবাই টেস্টে ওই স্কোরকেও ছাড়িয়ে নতুন এক কীর্তি গড়লেন এই ওপেনার। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি পূরণ করেছেন যে তিনি! প্রথম ইনিংসে তো ওয়েস্ট ইন্ডিজ আউটই করতে পারেনি আজহারকে। মিসবাহ-উল-হক যখন ইনিংস ঘোষণা করলেন, তখন তিনি অপরাজিত ৩০২ রানে। তার এই দুর্দান্ত ইনিংসটার ওপর ভর দিয়ে পাকিস্তানও দাঁড় করিয়েছে বিশাল সংগ্রহ। ১৫৫.৩ ওভারে তারা ৩ উইকেটে ৫৭৯ রানে ঘোষণা করে প্রথম ইনিংস।
রান পাহাড়ে চাপা পড়া ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়নি ভালো। দলীয় ৪২ রানেই সফরকারীরা হারিয়েছে তাদের প্রথম উইকেট। ইয়াসির শাহর ঘূর্ণিতে লিওন জনসন (১৫) আউট হওয়ার পর ড্যারেন ব্রাভোকে (১৪) নিয়ে দিনের বাকিটা শেষ করেছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (৩২)।
আজহার প্রথম দিন শেষ করেছিলেন ১৪৬ রান নিয়ে। তার সঙ্গে ৩৩ রানে অপরাজিত থাকা আসাদ শফিক হাফসেঞ্চুরি (৬৭) করে আউট হলেও আজহার খেলে গেছেন তার স্বাভাবিক খেলা। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করে দেখা পান প্রথম ট্রিপল সেঞ্চুরিরও। শেষ পর্যন্ত ৪৬৯ বলে খেলেছেন ৩০২ রানের অসাধারণ ইনিংস। ৬৫৮ মিনিটের ইনিংসে ২৩ চারের পাশাপাশি মেরেছেন দুটি ছক্কাও। শফিক আউট হওয়ার পর যোগ্য সঙ্গ পেয়েছেন এই ওপেনার বাবর আজমের কাছ থেকে। ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান আলো ছড়িয়েছেন অভিষেকেই। দেবেন্দ্র বিশুর বলে আউট হওয়ার আগে খেলেছেন ৬৯ রানের কার্যকরী ইনিংস। এর পর মাঠে নামা অধিনায়ক মিসবাহ ইনিংস শেষ করেন ২৯ রানে অপরাজিত থেকে।
/কেআর/







