বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫২ রান। ইংলিশদের থেকে এগিয়ে ১২৮ রানে। দিনটা বাংলাদেশের হলেও শনিবার দ্বিতীয় দিনের শেষ বলে মাহমুদউল্লাহ রিয়াদের আউটটাই মানসিক দিক দিয়ে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। উল্টো দিকে দিনের শেষ বলে রিয়াদকে ফিরিয়ে এখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছে ইংল্যান্ড।
শনিবার দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ইংলিশ পেসার ক্রিস ওকস। শেষ বেলায় রিয়াদের আউট থেকেই প্রেরণা নিয়ে তৃতীয় দিন শুরু করতে চায় ইংল্যান্ড, ‘অবশ্যই এটা আমাদের একটা ভালো অবস্থানে রেখেছে। দিনের শেষ ওভারে উইকেট তুলে নিতে পারা সবসময়ই দারুণ ব্যাপার। কারণ এটা আগামীকালের (রবিবার) জন্য ভালো অনুপ্রেরণা হবে। শেষ ওভারে উইকেট পাওয়া ভাগ্যের ব্যাপার।’
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পরিষ্কারভাবেই এগিয়ে জানালেন ক্রিস ওকস, ‘আমরা অবশ্যই বাংলাদেশের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে। কিন্তু লক্ষ্যের কাছাকাছি হওয়ার জন্য ভালো শুরু প্রয়োজন।’
বাংলাদেশকে সকালে চেপে ধরতে চায় ইংল্যান্ড। বাংলাদেশ যদি ২৫০ প্লাস স্কোর গড়ে ফেলে সেক্ষেত্রে ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে। বিষয়টি ভালোভাবেই জানে ইংল্যান্ড, ‘আমি মনে করি ১৩২ রান এগিয়ে তারা, রানটা হয়তো ২৫০ হতে পারে। এই উইকেটে ২৫০ রান চেজ করা খুব কঠিন নয়। তারপরও আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি বাংলাদেশকে অলআউট করা যায়। আমরা যদি আগামীকাল সকালে ভালোভাবে শুরু করতে পারি; যে কোনও কিছুই হতে পারে।’
উইকেট নিয়ে ওকস বলেছেন, ‘পিচ কিছুটা বিভ্রান্তিকর। নতুন বলে এখানে বেশ স্পিন হচ্ছে, একটা সরাসরি আসছে এবং আরেকটা ঘুরে চলে যাচ্ছে, বাউন্স হচ্ছে। যখন বল পুরনো হচ্ছে তখন পিচটাকে কিছুটা সহজতর মনে হচ্ছে ব্যাট করার জন্য। তখন আবার বাউন্সগুলো বেশ নিয়মিতই পাওয়া যাচ্ছে।’
বাংলাদেশের ইনিংসগুলোকে গত কয়েক ইনিংসে রিভার্স সুইংয়েই শেষ করে দিয়েছে ইংল্যান্ড। রবিবারও তেমনই পরিকল্পনা তাদের, ‘প্রথম ইনিংসে আমরা যেভাবে রিভার্স সুইং পেয়েছি, সেভাবে এখানে পাইনি। পেসাররা ভালো বোলিং করেছে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছে। কিন্তু আজ পেসাররা উইকেট থেকে সেভাবে সুযোগ তৈরি করে নিতে পারেনি। আশা করছি আগামীকাল আমরা এটা করতে পারব।’
/আরআই/এফআইআর/








