ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, এমনিতেই গর্বের উচ্চ শিখরে উঠে যাওয়া যায়। আর সেই জয়টা যদি পাওয়া যায় তিন দিনে, তাহলে সেই অনুভূতির পারদ কতটা উপরে উঠবে, বলা মুশফিক। বাংলাদেশ রবিবার সেই অনুভূতিটাই অনুভব করলো্ ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে। গোটা সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দেখার মতো। দেশের ক্রিকেট প্রেমিদের কাছ থেকে বাহবা পাওয়া মুশফিকুর রহিমরা ভাসলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের প্রশংসাতেও। শুধু তা-ই নয়, নিজের ফেসবুকে লেখা স্ট্যাটাসে গর্ববোধ করেছেন বাংলাদেশের এসে খেলতে পেরে।
ইংল্যান্ডের বাংলাদেশের আসা নিয়ে জল কত দূর যে গড়িয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা শেষই হচ্ছিল না ইংলিশদের। সব কিছু বিশ্লেষণ করে অবশেষে তারা রাজি হয় বাংলাদেশে আসতে। এসেও পড়ে, এর পর থেকেই আসলে ইংলিশ ক্রিকেটাররা বুঝতে পারে বাংলাদেশ তাদের জন্য কতটা নিরাপদ। কোনও রকম ঝামেলা ছাড়া সিরিজ শেষ করতে পারার পর তাই কুক গর্বিত বাংলাদেশে আসতে পেরে। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার হেরে যাওয়ার কষ্ট থাকলেও কুক উচ্ছ্বসিত দুর্দান্ত এক সিরিজ হওয়ায়। খেলা শেষে ফেসবুকে কুকের স্ট্যাটাস, ‘মানতে কষ্ট হচ্ছে, যাইহোক আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে সামনের ভারত সিরিজে। দুর্দান্ত এই সিরিজের পুরো কৃতিত্ব বাংলাদেশের। আর আমি আনন্দিত এখানে একটা দলের নেতৃত্ব দিতে পারায়।’
বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। বড় দলগুলোও আসতে চায় না খুব একটা। তা ছাড়া এখন আবার নিরাপত্তা শঙ্কার বিষয়টি যোগ হওয়ায় পরিস্থিতি হয়ে গেছে আরও ঘোলাটে। এই সব বিষয় মাথায় নিয়েই হয়তো কুক স্ট্যাটাসের পরের অংশে লিখেছেন, ‘এখানে আসতে পেরে আমি গর্বিত। আরও অনেক দলের এখানে এসে ক্রিকেট খেলার দরকার।’
টেস্ট ম্যাচ জয়ের সঙ্গে কুকের এমন মন্তব্যও কম প্রাপ্তি নয় বাংলাদেশের জন্য।
/কেআর/








