বাংলাদেশ সফরে আসার পর থেকে আলোচনায় বেন স্টোকস। সেটা অবশ্য যতটা না পারফরম্যান্সের কারণে, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়ে। বাংলাদেশ সফরের শেষটাও হলো বিতর্কিত আচরণের শাস্তি দিয়ে। মিরপুর টেস্ট হেরে গেছে ইংল্যান্ড, আর ইংলিশ এই অলরাউন্ডারকে গুনতে হলো জরিমানা। সাব্বির রহমানের সঙ্গে ‘আচরণ বহির্ভূত’ অঙ্গভঙ্গি ও আম্পায়ারদের ‘অনুরোধ’ অমান্য করে স্টোকস ভাঙেন আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’। তাই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে তাকে।
ঘটনাটা রবিবার সকালের সেশনের, যখন সাব্বিরের সঙ্গে তর্কে জড়ান স্টোকস। দুই আম্পায়ার তাকে থামতে বললেও শোনেননি ইংলিশ অলরাউন্ডার। অধিনায়ক অ্যালিস্টার কুককে তাই আম্পায়াররা পরামর্শ দেন যাতে স্টোকস এমন আচরণ আর না করে। যদিও তখনই আসলে বোঝা গিয়েছিল শাস্তি পেতে যাচ্ছেন তিনি, ম্যাচ শেষে পেয়েছেনও। ম্যাচ রেফারি আচরণবিধি ভাঙায় দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে স্টোকসকে।
/কেআর/








