শুক্রবার বিপিএল-এ চতুর্থবারের মতো শিরোপা ছোঁয়ার মিশনে নামছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতলেও তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তৃতীয় শিরোপা জিতেছিলেন মাশরাফি।
শুক্রবার বিপিএল চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। তাই ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা।
নতুন এই মিশন নিয়ে মাশরাফি বলেছেন, ‘চতুর্থবার! এতদূর ভাবার তো কিছু নেই। টুর্নামেন্ট শুরুই হতে পারলো না, এতদূর চিন্তা করার সুযোগ নেই। শুরু থেকেই আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। এজন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু পাই, তাহলে মোমেন্টামটা সঙ্গে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে।’
অনেকেই বলছে মাশরাফির নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে কুমিল্লার। ব্যাপারটিকে কীভাবে দেখছেন-এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘আমি মনে করি এটা ভুল ধারনা। আসলে প্রতিটা খেলোয়াড়কে তার নিজের খেলা খেলতে হয়। একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে ভালো খেলতেই হয়, পাশাপাশি আবার ভাগ্যেরও প্রয়োজন হয়। শেষবারের কথা যদি খেয়াল করেন, শেষের দিকে অলোক কাপালি যেভাবে ব্যাটিং করেছে, তাতে অবশ্যই অলোককে কৃতিত্ব দিতে হবে। তবে ভাগ্যও সঙ্গে ছিল। চ্যাম্পিয়নশিপের কথা বলা কঠিন। আমরা দল হিসেবে ভালো খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।’
গতবারের চেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। তাই দল নিয়ে সন্তুষ্টি ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘আমাদের বেশকিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় রয়েছে। যারা অনূর্ধ্ব ১৯-এ খেলেছে এবং ভালো খেলেছে। আসলে স্থানীয় খেলোয়াড়দের ওপরও অনেক কিছু নির্ভর করে। আমাদের খেলোয়াড়রা যদি তাদের স্বক্ষমতা অনুযায়ী খেলতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে। টি-টোয়েন্টিতে সুযোগ কম পাওয়া যায়, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি, আশা করি ভালো ফল সম্ভব।’
আশহার জাইদি থেকে শুরু করে আপনাদের বেশ কিছু অলরাউন্ডার আছে। সব মিলিয়ে নিজেদের সেরা মনে হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘আসলে টুর্নামেন্টের শুরুতে অনেক কিছুই বোঝা যায় না। শুরু হলে অনেক কিছুই বোঝা যায়। আমাদের থেকে ভালো দল অবশ্যই আছে। তবে এটা নির্ভর করে মাঠে কারা কেমন খেলছে তার ওপর।’
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাকে নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার। চারজন বিদেশি খেলাতে হবে, কীভাবে খেলাবো, কোথায় খেলাবো- এটা একটি জটিল বিষয়। এই জিনিসগুলো ভাবতে হবে। যেহেতু ১২-১৩টা ম্যাচ খেলার সুযোগ আছে। আমরা চাইবো সে অবশ্যই খেলবে এবং ভালো খেলবে। আগেও বললাম এই মুহূর্তে দল ভারসাম্য করা কঠিন।’
ছবি : লাবিব হাসান এলিস
/আরআই/








