বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পাওয়ার পর হয়ে গেলেন বোলিং অলরাউন্ডার! অথচ ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ ব্যাট ও বল হাতে সমান নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি, চার ইনিংসে তার রান সংখ্যা মাত্র ৫। বোলার হিসেবে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন বিধায় তার ব্যাটিং করাটা এখানে গুরুত্বপূর্ণ ছিল না।
কিন্তু বুধবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে ব্যাট হাতে তিনি নামলেন নয় নম্বরে। যখন ক্রিজে নামেন তখন বল বাকি তিনটি। মিরাজ তখন নন স্ট্রাইকিং প্রান্তে। এরপর আর স্ট্রাইকিং প্রান্তে যাওয়া হয়নি মিরাজের। শেষ দুই ব্যাটসম্যান মোহাম্মদ সামি ও নাজুমল ইসলাম অপু সিঙ্গেল না খেলে বড় শট খেলতে গিয়ে আউট হলে অপর প্রান্তে দাঁড়িয়ে থেকে হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় তার।
মিরাজের আগে ব্যাটিংয়ে নামেন আবুল হাসান রাজু, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি। হয়তো রাজশাহীর টিম ম্যানেজমেন্টে বিশেষ কোনও সিদ্ধান্তের কারণেই মিরাজের এত পরে নামা। আর মিরাজকে নয় নম্বরে ব্যাটিংয়ে দেখে বিস্ময় প্রকাশ করেছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আমার কাছে একটু বিস্ময়করই লেগেছে, আমি আশা করেছিলাম ও(মিরাজ) একটু উপরের দিকে নামবে। সে দারুণ প্রতিভাবান খেলোয়াড়। ব্যাটিংয়ে তার ভালো সামর্থ্য রয়েছে। আমার মনে হয়, ওকে আরও উপরে সুযোগ দেওয়া উচিত।’
/আরআই/








