কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে খুলনা টাইটানস। ৪ ম্যাচের তিনটিতে জিতে তাদের পয়েন্ট সংখ্যা এখন ছয়ে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম যেতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন খুলনা টাইটানসের কোচ স্টুয়ার্ট ল।
সোমবারের ম্যাচের পর ঢাকা পর্ব শেষে শুরু হবে চট্টগ্রাম পর্ব। আগামী ১৯ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটানস। তার আগে খুলনা বিরতি পাচ্ছে পাঁচদিন। তাই চট্টগ্রাম পর্বে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন খুলনা টাইটানসের কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেছেন, ‘চার ম্যাচের মধ্যে তিনটি জিতেই চট্টগ্রাম যাওয়া; এটা আামদের জন্য দারুণ স্বস্তির ব্যাপার।’
রংপুরের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে সবচেয়ে কম রানের লজ্জায় পড়েছিল খুলনা। তার পরই বদলে গেছে খুলনার চেহারা। চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে জয়ের পর রবিবার কুমিল্লাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। কোচের কাছে রহস্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘হারের পর আমরা ছেলেদের নিয়ে বসেছিলাম। ওদের বলেছিলাম নিজেদের দৃঢ়তা দেখাতে।’
এমন দল নিয়ে গর্বিত স্টুয়ার্ট ল আরও বলেছেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত। এখানে তরুণ ক্রিকেটার আছে। অভিজ্ঞরা আছে। সব মিলিয়ে সত্যিই অসাধারণ।’
চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১২৭ রানের পর কুমিল্লার বিপক্ষে ১৪৪ রানের বিপক্ষে বল হাতে লড়াই করাকে দারুণ কিছু মনে করছেন স্টুয়ার্ট ল, ‘ওই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি ম্যাচ জিতেছি। এটা দারুণ প্রচেষ্টা। আমাদের উন্নতি করার সুযোগ আছে।’
/আরআই/এফআইআর/








