বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা ডায়নামাইটস। শুরুতে টস জিতে বল হাতে তুলে নেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। আর ব্যাট করতে নামা ঢাকার পক্ষে মারমুখী ওপেনার মেহেদী মারুফ দলকে দিয়ে যান ভালো একটি ভিত্তি। ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা।
অপর ওপেনার শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা বেশি সুবিধা করতে পারেননি। ২২ বলে ১৭ রান করে ইংরেজ বোলার টাইমাল মিলসের বলে লেগ বিফোর হন। এরপর টাইমাল মিলসের জোড়া আঘাতেই বিপদে পড়ে ঢাকা। ইন ফর্ম নাসির হোসেন কাভারে ড্রাইভ করতে গিয়ে তার একটি ইনসুইংগারে বোল্ড হন। অবশ্য এর আগে তিনটি চারে ১৪ বলে ২০ রানের ইনিংস খেলে বিপদজনক হয়ে উঠছিলেন। তাই তাকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইকিংস । দলীয় ৭২ ও ৭৩ রানে ফিরেন সাঙ্কাকারা ও নাসির। ঢাকা এই আঘাতের রেশ কাটাতে না কাটাতে আবার আঘাত হানে ভাইকিংস। এর আগে মেহেদী মারুফকে লেগ বিফোর করা আফগান অলরাউন্ডার মো. নবির বল ব্যাকফুটে ফ্লিক করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি সাকিব আল হাসান। বল প্যাডে লেগে আছড়ে পড়ে লেগ স্টাম্পে। ৭ বলে ১৩ রান করতে পেরেছিলেন সাকিব।এর কিছুক্ষণ পরেই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো হন রানআউট। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ভেস্তে যায় ঢাকার বড় সংগ্রহের প্রত্যাশা। তবে অপর দিকে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত দলের হাল ধরে রেখেছিলেন। ২৪ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন তিনি। তার এ ইনিংসে অন্তত লড়ার মতো সংগ্রহ পায় ঢাকা। পরের ব্যাটসম্যানরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। ম্যাট কোলস ৪, আলাউদ্দীন বাবু ৪ ও সানজামুল ইসলাম ৭ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ঢাকা।
টাইমাল মিলস ২৫ রানে তিনটি, মো. নবি ১৮ রানে তিনটি করে উইকেট নেন।
/আরএম/এফআইআর/








